হ্যাটট্রিক শিরোপা চায় মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম মহিলা ক্রিকেট লিগ উদ্বোধন হয়েছিল গত ৩০ জুন। কিন্তু বৃষ্টির কারণে খেলা না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়েছে দুই দলের মধ্যে। তিন দিন বিরতির পর গতকাল খেলা শুরু হলেও একই পরিণতি। ধানমন্ডি ক্রিকেট মাঠে আজাদ ও ওরিয়েন্টের ম্যাচ বৃষ্টির বাধায় পরিত্যক্ত হওয়ায় ভাগাভাগি হয়েছে পয়েন্ট। ২০০৯ সালে শুরু মহিলা লিগের গত চারটি আসরে শুধু ২০১০ সালেই চ্যাম্পিয়ন হতে পারেনি মোহামেডান (রানার্সআপ)। বাকি তিনবারই চ্যাম্পিয়ন। ভিক্টোরিয়ার বিপক্ষে আজ প্রথম ম্যাচ দিয়ে হ্যাটট্রিক শিরোপা অভিযানে নামছে সাদা-কালো দলটি। কাল ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোহামেডানের অধিনায়ক হিসেবে নাম ঘোষিত হওয়ার পর সালমা খাতুন বললেন, ‘আমরা টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলব।’ তবে এই পথে বৃষ্টিকে বড় বাধা বলছেন জাতীয় দলেরও অধিনায়ক, ‘লিগটা আরও আগেই হওয়া উচিত ছিল। এখন বর্ষায় খেলা কীভাবে হবে জানি না। এতে বড় দলগুলোর সমস্যা হবে।’ সংবাদ সম্মেলনে মোহামেডানের মহিলা ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় ইনডেক্স গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাকিয়া তাজিনকে।