হ্যাটট্রিক হলো না ফরহাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম শ্রেণী বা আন্তর্জাতিক—কোনো ধরনের ক্রিকেটেই তাঁর হ্যাটট্রিক নেই। কাল পেতে পারতেন সেই হ্যাটট্রিক। কিন্তু একবার নয়, দুবার হ্যাটট্রিকের দুয়ারে দাঁড়িয়েও ফিরলেন ফরহাদ রেজা।এই অভাবনীয় ঘটনা কাল দেখল জাতীয় ক্রিকেট লিগ। এই লিগের পঞ্চম রাউন্ডে কাল প্রথম দিনে ফরহাদের রাজশাহী খেলছিল চট্টগ্রামের সঙ্গে। নির্দিষ্ট করে বললে খেলা হয়েছে ফরহাদ রেজা বনাম চট্টগ্রাম। বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে গোটা দিনটা কেটেছে নাটকীয়তায়। প্রথম ইনিংসে ফরহাদ ৫ উইকেট নিয়ে চট্টগ্রামকে অলআউট করে দেন মাত্র ৭২ রানে। এরপর রাজশাহী অলআউট ১৫১ রানে। চট্টগ্রাম দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমে দিন শেষে ৪ উইকেটে ৪৬। এখানে ফরহাদের উইকেট দুটি।মোট ৭ উইকেট নিয়েছেন ফরহাদ। দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলেই চট্টগ্রামের ওপেনার মাহবুবুল করিমকে এলবিডব্লু করলেন এই মিডিয়াম পেসার। এরপর সপ্তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে পর পর তুলে নেন নাফিস ইকবাল ও মমিনুলের উইকেট। জাতীয় দলের বাইরে থাকা আফতাব আহমেদ এসে ঠেকিয়ে দেন ফরহাদের হ্যাটট্রিকের সুযোগ। অবশ্য আফতাব আউট হয়ে গেছেন মাত্র ৬ রান করে।এদিন বল হাতে আগুন ঝরালেন চট্টগ্রামের পেসার কামরুল ইসলামও। রাজশাহীকে ১৫১ রানে বাঁধতে তাঁর উইকেট ৬টি। ফরহাদের মতো হ্যাটট্রিকের সুযোগ এসেছিল তাঁর সামনেও। ৩৫তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে শাহাজাদা ও নাঈম ইসলাম জুনিয়রকে ফেরান কামরুল। শুভাশিস এসে বাদ সাধেন হ্যাটট্রিকের সম্ভাবনায়।ফরহাদ রেজা দ্বিতীয়বার হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন চট্টগ্রামের দ্বিতীয় ইনিংসে। ইনিংসের পঞ্চম ওভারের দ্বিতীয় বলে নাফিস ইকবাল, এরপর তৃতীয় বলে আউট করলেন আবদুল্লাহ আল মামুনকে। এবার হ্যাটট্রিক-বঞ্চিত করলেন মমিনুল। দিন শেষে ফরহাদের বোলিং বিশ্লেষণ দাঁড়াচ্ছে এ রকম—১৬-২-৩৯-৭।সিলেট স্টেডিয়ামে কাল শুরু হয়েছে ঢাকা-বরিশাল ম্যাচ। এখানেও দিনটি বোলারদের। ঢাকা প্রথম ইনিংসে ১৩৩ রানে অলআউট। সোহাগ গাজী নেন ৫ উইকেট। বরিশাল ৭ উইকেট হারিয়ে তুলেছে ১৭৩ রান। তবে রাজশাহীতে রান পেয়েছেন ব্যাটসম্যানরা। খুলনার বিপক্ষে সিলেট প্রথম ইনিংসে ৩ উইকেটে করেছে ২২৬ রান।