হ্যাটট্রিক হিরো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো তাহলে ভীষণই হিংসুটে। লিওনেল মেসিকে একের পর এক গোল করতে দেখে হিংসায় বুঝি জ্বলে যাচ্ছেন! লিগে টানা দুই ম্যাচে চার গোল করেছেন মেসি, রোনালদো পাল্টা জবাব দিলেন দুই ম্যাচে ৫ গোল করে। পরশু করলেন হ্যাটট্রিক! রিয়াল মাদ্রিদও যেন টেনেরিফের বিপক্ষে বার্সার গত ম্যাচের ৪-১ গোলের জয়টার পাল্টা জবাব দিল মায়োর্কার বিপক্ষে সমান ব্যবধানে জিতে।৩৬তম রাউন্ড শেষে স্প্যানিশ লিগের পয়েন্ট তালিকার যে অবস্থা, এটা প্রায় নিশ্চিত শিরোপার মীমাংসা হবে লিগের শেষ ম্যাচেই। বার্সেলোনার পয়েন্ট ৯৩, রিয়ালের ৯২। অবশ্য পরের ম্যাচে রিয়াল যদি হেরে যায় আর বার্সেলোনা যদি জেতে, ৩৭তম ম্যাচেই শেষ হয়ে যাবে শিরোপার লড়াই। তবে আগামীকাল বার্সার পরীক্ষাটাই বড়। তারা যে খেলবে চার নম্বর দল সেভিয়ার মাঠে গিয়ে। রিয়ালের প্রতিপক্ষ আট নম্বরে থাকা অ্যাথলেটিক বিলবাও।স্প্যানিশ লিগের এই উত্তেজনা জিইয়ে থাকল পরশু রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্সে। আগের ম্যাচেই ড্র করতে বসা রিয়ালকে বাঁচিয়েছেন শেষ মুহূর্তে গোল করে। এদিনও ত্রাতার ভূমিকায় দেখা দিলেন। প্রথমার্ধে মায়োর্কা কিন্তু কাঁপিয়ে দিয়েছিল রিয়ালকে। শুরুর দিকেই দারুণ দুটো সেভ করেন ইকার ক্যাসিয়াস। ৫ মিনিটে একটা গোল তো রিয়াল খেয়েই ফেলেছিল। কিন্তু সূক্ষ্ম একটা অফসাইডের ফাঁদে বাতিল হয়ে যায় সেই গোল। কিন্তু ১৬ মিনিটে মায়োর্কাকে এগিয়ে দেন আদুরিজ। ২৬ মিনিটে সমতা ফেরান রোনালদো। ১-১ ড্র নিয়েই শেষ হয় প্রথমার্ধ।দ্বিতীয়ার্ধেই রিয়ালের আসল চেহারা দেখে মায়োর্কা। ৫৬ আর ৭২ মিনিটে আরও দুবার জালে বল ঠেলে রিয়ালের হয়ে প্রথম হ্যাটট্রিক করেন রোনালদো। ৮১ মিনিটে গঞ্জালো হিগুয়েইন ঠুকে দেন শেষ পেরেক। এই মৌসুমে নিজেদের মাঠে এটি মাত্র তৃতীয় পরাজয় মায়োর্কার।এই ম্যাচের পর বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়টি জোরাল কণ্ঠে বললেন, রিয়ালের পক্ষে এখনো শিরোপা জেতা সম্ভব, ‘বার্সেলোনা তাদের ম্যাচটা জেতার ফলে আমাদের ওপর খানিকটা চাপ তো ছিলই। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা তিন গোল করে সেই চাপ উড়িয়ে দিয়েছি। আশা করি, সেভিয়ায় গিয়ে বার্সা পয়েন্ট হারাবে। আর আমরা আমাদের মাঠে হারিয়ে দেব বিলবাওকে। আমরা আশা করি এবং সত্যিই চ্যাম্পিয়ন হতে চাই।’ এএফপি, রয়টার্স।স্বার্থপর খেলোয়াড়, নিজে সব সময় পাদপ্রদীপের আলোতে থাকতে চান—রোনালদোর বিপক্ষে এমন সমালোচনা প্রায়ই হয়। তবে এদিন হ্যাটট্রিকের পর পুরো কৃতিত্ব কিন্তু সতীর্থদেরই ভাগ করে দিলেন রিয়ালের হয়ে অভিষেক মৌসুমে ৩৩ ম্যাচে এখন পর্যন্ত ৩২ গোল করা রোনালদো, ‘আমাকে সতীর্থদের ধন্যবাদ দিতেই হবে। ওরাই তো আমাকে গোলগুলো করিয়েছে।’