হ্যাটট্রিকে বিশ্বকাপ অমরত্ব মালিঙ্গার
হাতে মাইক্রোফোন, বসে আছেন মাথা নিচু করে। ঝাঁকড়া চুলগুলো ঢেকে ফেলেছে মুখ। লাসিথ মালিঙ্গা কি ইচ্ছে করেই সবাইকে দেখাচ্ছেন চুলগুলো? বলতে কি চাইছেন, মনে করে দেখো!২০০৭ বিশ্বকাপে মালিঙ্গার চারে চার যাঁরা দেখেছেন, সারা জীবনেও সেই স্মৃতি আর ভুলে যাওয়ার কথা নয়। বোলিং নিয়ে যেমন, মালিঙ্গার চুল নিয়েও আগ্রহ কোনো অংশে কম নয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই চার উইকেট নিশ্চয়ই মনে আছে, ওই ম্যাচে মালিঙ্গার চুলের কথা মনে আছে? থাকার কথা নয়, প্রতি সিরিজেই চুলের স্টাইল পাল্টানো তাঁর সবচেয়ে বড় ফ্যাশন। স্মৃতি হাতড়ে হোক বা পুরোনো ফাইল ঘেঁটে, দেখতে পাবেন প্রভিডেন্সের ওই ম্যাচে মালিঙ্গার চুল ছিল গোল্ডেন কার্ল।মাঝের চার বছরে যাবতীয় পরীক্ষা হয়েছে চুল নিয়ে। কাল এবারের বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে যখন মাঠে নামলেন, দেখা গেল ফিরে এসেছে গত বিশ্বকাপের সেই গোল্ডেন কার্ল। ফিরে এল গত বিশ্বকাপের মালিঙ্গাও। না, এবার আর চার বলে চার উইকেট নেননি। তবে ঠিকই জন্ম দিয়েছেন আরেকটি ‘একমাত্র’ ঘটনার—বিশ্বকাপে দুটি হ্যাটট্রিক! বিশ্বকাপের প্রথম তিন আসরে কোনো হ্যাটট্রিকই ছিল না। চতুর্থ আসরে এসে বন্ধ্যাত্ব ঘোচালেন চেতন শর্মা, এরপর আবার দুবারের বিরতি। ১৯৯৯ সালে সাকলাইন মুশতাকের হাত ধরে আবার হ্যাটট্রিক দেখল বিশ্বকাপ, হ্যাটট্রিক বন্ধ্যাত্বের কবলে আর পড়তে হয়নি বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসরকে। ২০০৩ সালে চামিন্ডা ভাস ও ব্রেট লি, ২০০৭ বিশ্বকাপে মালিঙ্গা, পরশু কেমার রোচ আর কাল আবার মালিঙ্গা। তালিকাটাই জানিয়ে দিচ্ছে কোথায় একমাত্র মালিঙ্গা, দুবার তো এল একমাত্র তাঁরই নাম!রেকর্ডপত্র ঘাঁটলে হয়তো খুঁজে পাওয়া যাবে। কিন্তু কোনো রকম ঝুঁকি ছাড়াই বলে ফেলা যায়, গড়েছেন আরেকটা ‘একমাত্র’। ওয়ানডেতে ছয় উইকেট আরও অনেকেই পেয়েছেন। কিন্তু ছয়টাই ইয়র্কারে? মনে হয় না রেকর্ডপত্র ঘাঁটার প্রয়োজন আছে।মালিঙ্গা নিজে অবশ্য কালকের ৬ উইকেট বা বিশ্বকাপের দ্বিতীয় হ্যাটট্রিকের চেয়ে এগিয়ে রাখছেন প্রভিডেন্সের ওই ৫৪ রানে ৪ উইকেটকে। ‘ওই ম্যাচটা একতরফাভাবে জিতে যাচ্ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু আমার ওই চার উইকেট অবিশ্বাস্যভাবে ম্যাচে প্রাণ ফিরিয়ে এনেছিল। এমনকি আমরা জিতেও যাচ্ছিলাম। শেষ পর্যন্ত এক উইকেটে হেরেছি, কিন্তু ওই নাটকীয়তা, ওই উত্তেজনা ছিল অন্য রকম’—মালিঙ্গার যুক্তি।কালও যদি চারে চার হয়ে যেত? মালিঙ্গা নিশ্চয়ই কালকের পারফরম্যান্সটাকেই এগিয়ে রাখতেন। চারে চার হয়নি, তবে শেষ এখানেই নয়। বিশ্বকাপের দুই হ্যাটট্রিক আরেকটা রেকর্ডে আরও তিনজনের পাশে বসিয়েছে মালিঙ্গাকে। ওয়ানডে ক্রিকেটে দুটি করে হ্যাটট্রিক ছিল এত দিন ওয়াসিম আকরাম, সাকলায়েন মুশতাক ও চামিন্ডা ভাসের। আট বছর ধরে দুই পাকিস্তানির পাশে স্বদেশি একজনকে একা দেখে মনে হয় খারাপ লাগছিল মালিঙ্গার। কাল বসে গেলেন সাবেক সতীর্থের পাশে।তবে কত দিন এখানে থাকবেন কে জানে! বাকি তিনজনের কেউ এখন আর মাঠে নেই। ভাস তাই আবার একা হয়ে যেতে পারেন, পেছনে পড়ে যেতে পারেন ওয়াসিম-সাকলায়েনও। আরও এক-দুটি হ্যাটট্রিক তো হয়েই যেতে পারে ‘স্লিঙ্গা’ মালিঙ্গার। কে জানে হতে পারে চারে চার, ‘গোল্ডেন কার্ল’ যে আবার ফিরে এসেছে!