হ্যাটট্রিকের উচ্ছ্বাস রোনালদোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী রোববারের ‘এল ক্লাসিকো’র আগে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিল রিয়াল মাদ্রিদ। পরশু নিজেদের মাঠে দেপোর্তিভো লা করুনিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিল হোসে মরিনহোর দল। ক্রিস্টিয়ানো রোনালদো করেছেন হ্যাটট্রিক। অন্য গোল দুটি করেছেন অ্যাঙ্গেল ডি মারিয়া ও পেপে। ‘অসুখী’ রোনালদোর মুখে এখন হাসি। কদিন আগেও গোল উদ্যাপনে ছিল যাঁর অনীহা, সেই রোনালদোই গোল উদ্যাপন করলেন প্রাণখুলে। ম্যাচ শেষে যে রোনালদোর দাবি, এল ক্লাসিকোর আগে এই জয় তাঁদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে, ‘আমরা জানি, বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি কঠিন হবে। আমরা তাদের মাঠে যাব। তবে আমাদের মনোযোগ এবং আত্মবিশ্বাস রাখতে হবে যে আমরা সেখানে জিততে পারি। আমরা জয়ের জন্যই সেখানে যাব।’ তাঁর দাবি, দেপোর্তিভোই গোল করে ম্যাচে তাঁদের জাগিয়ে তুলেছে।প্রথম চার ম্যাচের দুটিতেই হার ও একটিতে ড্র করে ৮ পয়েন্ট খুইয়ে বসা। সেই বিপর্যয়কর অবস্থা থেকে রিয়ালের ঘুরে দাঁড়ানোর শুরু চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-২ গোলের জয় দিয়ে। পরের লিগ ম্যাচে রায়ো ভায়েকানোকে ২-০ গোলে হারানোর পর দেপোর্তিভোর বিপক্ষে তো গোল-উৎসবই হলো। তবে এর পরও চিরশত্রু বার্সেলোনা এগিয়ে আছে ৮ পয়েন্টের দূরত্বে। ৬ ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ১৮, ছয়ে থাকা রিয়ালের ১০।হোসে মরিনহোর দলে এদিন ছিল চারটি পরিবর্তন। বিশ্রাম দেওয়া হয়েছিল জাবি আলোনসো ও আলভেরো আরবেলোয়াকে। সেন্টারব্যাক রামোসকে খেলিয়েছেন রাইটব্যাক হিসেবে। দ্বিতীয়ার্ধে জাবি আলোনসো অবশ্য বদলি হিসেবে মাঠে নেমেছেন। মৌসুমে প্রথমবারের মতো মাঠে নামিয়েছেন কদিন আগে এক প্রীতি ম্যাচে হ্যাটট্রিক করা কাকাকেও। তবে রিয়ালের জয় নিশ্চিত হয়েছে তার আগেই, যখন প্রথমার্ধেই এগিয়ে যায় ৩-১ গোলে।প্রথমে গোল খেয়ে বসেছিল রিয়ালই। ১৬ মিনিটে দেপোর্তিভোকে এগিয়ে দেন রিকি। ৭ মিনিট পর রিয়ালকে সমতায় ফেরান রোনালদো, অ্যাঙ্গেল ডি মারিয়ার এনে দেওয়া পেনাল্টি থেকে। ওই ডি মারিয়াই ৩৮ মিনিটে এগিয়ে দেন রিয়ালকে। বিরতির আগেই ব্যবধান ৩-১ করেন রোনালদো। ৬৬ মিনিটে জাবি আলোনসোর ফ্রি-কিক থেকে পেপের হেডে ৪-১। ৮৪ মিনিটে রোনালদো পূর্ণ করেছেন রিয়ালের হয়ে তাঁর ১৫তম হ্যাটট্রিক, পেনাল্টি থেকেই। এর ফলে লিগে রোনালদোরও গোল হলো মেসির সমান ৬টি। তবে ৭ গোল করে তাদের চেয়ে এগিয়ে কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও। পরশু তাঁর দল অ্যাটলেটিকো মাদ্রিদ পেয়েছে লিগে টানা পঞ্চম জয়। এসপানিওলকে হারিয়েছে ১-০ গোলে। এএফপি, রয়টার্স।