হ্যাটট্রিকের রাতটা দুজনের ফেরারও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ একটা মিল তো তাঁদের আছেই। রবিন ফন পার্সি, ফার্নান্দো তোরেস, লুইস ফ্যাবিয়ানো—তিনজনই স্ট্রাইকার। তিনজন ইউরোপের দুটি লিগে খেলেন। তবে নতুন মৌসুমে গোল-খরা এঁদের ঠেলে দিয়েছিল একই সংকটের বৃত্তে। কারও সমস্যা চোট, কারও বাজে ফর্ম। পরশু আরেকবার এক বিন্দুতে মিলে গেলেন এঁরা তিনজন। চোট আর বাজে ফর্মকে জয় করে গোল পেয়েছেন তিনজনই। পার্সি আর ফ্যাবিয়ানো পেয়েছেন হ্যাটট্রিক। তোরেস করেছেন জোড়া গোল।ইউরোপের ফুটবলে গোল-বন্যার রাতে হ্যাটট্রিক করেছেন আরও দুজন। ম্যানচেস্টার ইউনাইটেডের দিমিতার বারবেতভ ও বায়ার্ন মিউনিখের মারিও গোমেজ। বারবেতভ আর গোমেজের গল্পটাও প্রায় একই। গত মৌসুমটা দুজনেরই কেটেছে গোল-খরায়। নতুন মৌসুমে দুজনই ভাসছেন গোল-বন্যায়।আগের মৌসুমে টটেনহাম হটস্পারে উজ্জ্বল বারবেতভ ২০০৮-০৯ মৌসুমে ম্যানইউতে এসে ভালো করতে পারেননি। গত দুই মৌসুমে ৮৬ ম্যাচ খেলে করেছেন মাত্র ২৬ গোল। কিন্তু এবার ২৫ ম্যাচ খেলেই করে ফেলেছেন ১৮ গোল। এর মধ্যে ১৭ গোলই ইংলিশ প্রিমিয়ার লিগে। পরশু বার্মিংহামকে ম্যানইউ ৫-০ গোলে হারিয়েছে মৌসুমে তাঁর তৃতীয় হ্যাটট্রিকে। সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষস্থানটাও এই বুলগেরিয়ানের অধিকারে।দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন ম্যানইউর সবচেয়ে বড় তারকা ওয়েইন রুনি। তবু অ্যালেক্স ফার্গুসনের দল যে লিগে টানা ২২ ম্যাচে অপরাজিত, এতে বড় অবদান তো বারবেতভেরই। ফার্গুসনও তাঁকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন।ওদিকে জার্মানির বায়ার্নে চলছে গোমেজ-বন্দনা। অথচ নতুন মৌসুমের শুরুতেও গোমেজ ছিলেন উপেক্ষিত নাম। ভিএফভি স্টুটগার্টে দারুণ খেলছিলেন জার্মানির স্ট্রাইকার। ২০০৯ সালে তাঁকে বায়ার্নে নিয়ে আসেন কোচ লুইস ফন গল। কিন্তু তিনিও নিজেকে হারিয়ে খুঁজছিলেন। কেউ কেউ গোমেজের বায়ার্ন অধ্যায়ের শেষও দেখছিলেন। তবে এ মৌসুমে সত্যিই নিজেকে ফিরে পেয়েছেন গোমেজ। ২৬ ম্যাচ খেলে ২৩ গোল করাই এর বড় প্রমাণ। সঙ্গে আছে দুটি হ্যাটট্রিক। দ্বিতীয়টি করলেন পরশু, বুন্দেসলিগায় কাইজারস্লটার্নের বিপক্ষে ৫-১ গোলের জয়ে। আগেরটি ছিল চ্যাম্পিয়নস লিগে।আর্সেনালের স্ট্রাইকার রবিন ফন পার্সি আর লিভারপুলের ফার্নান্দো তোরেসকে পেয়ে বসেছিল চোট। মৌসুমের শুরুর দিকের ম্যাচগুলো খেলতে পারেননি। নভেম্বরে নিউক্যাসলের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন, গোল পাননি। তবে পুরো ফিট পার্সি যে প্রতিপক্ষের জন্য কতটা ভয়ংকর হতে পারেন, তার প্রমাণ দিয়ে যাচ্ছেন গত তিন ম্যাচ ধরে। পেনাল্টি মিসের পরও উইগানের বিপক্ষে ৩-০ গোলের জয়ে সব কটি গোল তাঁর। সর্বশেষ তিন ম্যাচে ৬ গোল এই ডাচ স্ট্রাইকারের।পার্সির অসাধারণ পারফরম্যান্সে আর্সেনালও শিরোপা লড়াইয়ে আছে ম্যানইউর গা ঘেঁষে। শীর্ষে থাকা ম্যানইউর পয়েন্ট ২২ ম্যাচে ৪৮, আর্সেনালের ২৩ ম্যাচে ৪৬। কোচ আর্সেন ওয়েঙ্গার পার্সি-প্রশংসায় পঞ্চমুখ।স্তুতি তোরেসকে ঘিরেও। চোট কাটিয়ে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে গিয়ে একেবারেই নিষ্প্রভ ছিলেন স্প্যানিয়ার্ড স্ট্রাইকার। থিতুই হতে পারছেন না। গত মৌসুমে ৩২ ম্যাচে ২২ গোল করা তোরেস পরশু উলভারহ্যাম্পটনের বিপক্ষে দলের ৩-০ গোলের জয়ে অবদান রেখেছেন জোড়া গোল করে। এই নিয়ে এ মৌসুমে ২৫ ম্যাচে ৯ গোল হলো তাঁর। লিভারপুলের দায়িত্ব নেওয়া কেনি ডালগ্লিস জয়ের চেয়ে বেশি খুশি তোরেস ফর্ম ফিরে পাওয়ায়।গত মৌসুমে সেভিয়ার পক্ষে ৩৪ ম্যাচে ২১ গোল করা ফ্যাবিয়ানো ব্রাজিলেরই প্রধান স্ট্রাইকার হয়ে উঠেছিলেন। কিন্তু নতুন মৌসুমটা তাঁর খুব একটা ভালো যাচ্ছে না। পরশুর আগে পর্যন্ত ২৩ ম্যাচে মাত্র ৮ গোল ছিল তাঁর। লেভান্তের বিপক্ষে দলকে এদিন ৪-০ গোলে জেতালেন হ্যাটট্রিক করে।তবে ম্যান সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার তেভেজের রাতটি ভালো কাটেনি। ম্যান সিটিকে ১-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। এএফপি, ওয়েবসাইট।