হ্যাডলির সেরা ইমরানই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিচার্ড হ্যাডলি
রিচার্ড হ্যাডলি

ইমরান খান, রিচার্ড হ্যাডলি, ইয়ান বোথাম নাকি কপিল দেব? আশির দশকের এই অলরাউন্ডার চতুষ্টয়ের মধ্যে সেরা কে—এ নিয়ে বিতর্ক নিরন্তর। ক্রিকেটামোদী মাত্রই ধাঁধায় পড়ে যান, এ চারজনের মধ্য থেকে সেরা জনকে বেছে নিতে বললে। গুণে, মানে, রেকর্ডে চার অলরাউন্ডারই এত কাছাকাছি যে তাঁদের মধ্য থেকে সেরা বেছে নেওয়া কঠিনই।
ক্রিকেটে ‘কমপ্লিট প্যাকেজের’ অসম্ভব সুন্দর উদাহরণ এই চার ক্রিকেটার। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং-অধিনায়কত্ব সবকিছুতেই এই চার অলরাউন্ডার অন্য মাত্রার। অধিনায়ক হিসেবে তাঁদের দুজন দেশকে জিতিয়েছেন বিশ্বকাপ। পরিসংখ্যানের খাতায় স্বর্ণাক্ষরেও এই চার অলরাউন্ডারের নাম খোদাই করা আছে আপন কৃতিত্বেই।
হ্যাডলি নিজেই অবশ্য তাঁদের চারজনের মধ্য থেকে সেরা হিসেবে বেছে নিয়েছেন ইমরানকেই। ব্যাটিং, বোলিং রেকর্ডসহ অসাধারণ ব্যক্তিত্বের ইমরান খান অধিনায়ক হিসেবে নিজ দেশকে যা কিছু দিয়েছেন, সবকিছুই হ্যাডলির দৃষ্টিতে তাঁকে সেরা বলার ক্ষেত্রে বিবেচ্য, ‘ইমরান ব্যাটসম্যান হিসেবে অসাধারণ ছিল। প্রথম ছয়টি স্থানের যেকোনো জায়গাতেই ইমরান ব্যাট করতে পারত। ব্যাটিংটাও করতে পারত একেবারে ম্যাচের পরিস্থিতি বিচারে। বোলার হিসাবে ইমরান ছিল দুর্দান্ত এক স্ট্রাইকার। অসাধারণ ব্যক্তিত্বের কারণে সে অধিনায়ক হিসেবেও ছিল অসাধারণ।’
বোলিং-ব্যাটিং সামর্থ্যে ইমরানের চেয়ে কোনো অংশেই পিছিয়ে থাকেন না হ্যাডলি। তার পরও তিনি শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজেকে পিছিয়েই রাখতে চাইলেন, ‘বোলার হিসেবে অবশ্যই আমি এই চার অলরাউন্ডারের লড়াইয়ে থাকি। কিন্তু ব্যাটিংয়ে আমি পিছিয়ে। ব্যাটসম্যান হিসেবে আমার কিছু ভালো ইনিংস থাকলেও আমি কখনোই ধারাবাহিক ছিলাম না। আমার গড়ও কপিল, ইমরান কিংবা বোথামের কাছাকাছি নয়।’

ইমরানকে আশির দশকের সেরা অলরাউন্ডার বললেও নিউজিল্যান্ডের এই কিংবদন্তির দৃষ্টিতে গ্যারি সোবার্স ক্রিকেটে সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে আছেন যথাস্থানেই, ‘সোবার্স ছিল অসাধারণ ক্যারিশমার। তিনি ছিলেন একটা পূর্ণাঙ্গ প্যাকেজ। সোবার্সের ব্যাটিং ছিল দারুণ ছন্দময়। বোলার এবং অধিনায়ক হিসেবেও তাঁকে ভুলে যাওয়া চলবে না।’

সুইং বোলিংয়ে রাজা হলেও ‘রিভার্স সুইং’ সম্পর্কে খেলোয়াড়ি জীবনে তেমন কিছুই জানতেন না বলেই স্বীকার করেছেন হ্যাডলি, ‘খেলোয়াড়ি জীবনে রিভার্স সুইংয়ের মোকাবিলা করেছি কিন্তু কখনো নিজে রিভার্স সুইং করিনি। আমাদের সময় সরফরাজ নেওয়াজ ছিল রিভার্স সুইংয়ে অন্যতম সেরা। আর পাকিস্তান তো সব সময়ই রিভার্স সুইংয়ের স্বর্গ।’

খেলোয়াড়ি জীবনে এই চারজনের মধ্যে দারুণ এক লড়াই ছিল বলে জানিয়েছেন হ্যাডলি। কেউই যে কারও চেয়ে কম নন, সেটা প্রমাণ করার ওই প্রাণান্তকর লড়াইটা ক্রিকেটপ্রেমীদের কাছে দারুণ উপভোগ্য ছিল। হ্যাডলি কখনোই ইমরান, বোথাম কিংবা কপিলের বলে আউট হতে চাইতেন না বরং তিনি জীবন বাজি রাখতেন বাকি তিনজনকে যেকোনো মূল্যে প্যাভিলিয়নে ফেরাতে। সূত্র: পিটিআই।