হ্যান্ডবল ফেডারেশনের আরেকটি চমক
দেশের সবচেয়ে সক্রিয় ফেডারেশনগুলোর মধ্যেই আছে হ্যান্ডবল। এই ফেডারেশন শুধু জাতীয় ক্রীড়া হ্যান্ডবল আয়োজন করেই দায়িত্ব শেষ করছে না। এবার তারা জাতীয় প্রতিযোগিতার সেরা ৮টি দল নিয়ে আয়োজন করছে জাতীয় আমন্ত্রণমূলক হ্যান্ডবল। পুরুষ বিভাগের খেলা আগেই হয়ে গেছে। আজ পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হচ্ছে মহিলা বিভাগের খেলা।
‘ক’ গ্রুপে খেলছে বিজেএমসি, নওগাঁ, রাঙামাটি ও বাংলাদেশ পুলিশ। ‘খ’ গ্রুপে ঢাকা, দিনাজপুর, রাজশাহী ও কুষ্টিয়া জেলা। ফাইনাল ২৯ সেপ্টেম্বর। টুর্নামেন্টের পৃষ্ঠপোষণা করছে ওয়ালটন। ১৬টি ম্যাচের সেরা খেলোয়াড়ের জন্য থাকছে পাঁচ হাজার টাকা করে অর্থ পুরস্কার। সেরা খেলোয়াড় পাবেন ২০ হাজার টাকা। এই প্রথম বড় অঙ্কের অর্থ পুরস্কার দেওয়া হচ্ছে ঘরোয়া হ্যান্ডবলের কোনো প্রতিযোগিতায়।
কাল সংবাদ সম্মেলনে এ নিয়ে বিস্তারিত তথ্য জানান হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। উপস্থিত ছিলেন ওয়ালটনের ক্রীড়াদূত টিটি তারকা জোবেরা রহমান লিনুসহ আরও অনেকে।