হ্যান্ডবলে আনসারের বিপ্লব
স্বপ্নটাকে কীভাবে সত্যি করতে হয়, তা ভালোই জানে বাংলাদেশ আনসার। গত জাতীয় মহিলা হ্যান্ডবলের ফাইনালে আনসার হেরেছিল বিজেএমসির কাছে। কাল বাংলাদেশ গেমসে সেই প্রতিশোধ নিয়েছে আনসার। এর পেছনে আছে দলটির অনেক শ্রম, কর্মকর্তাদের উৎসাহ এবং খেলোয়াড়দের একাগ্রতা। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে এই ফাইনালটা হলো দারুণ উপভোগ্য। ম্যাচের মাঝামাঝি পর্যন্ত বিজেএমসি প্রায় সমানতালেই এগিয়েছে। দ্বিতীয়ার্ধে আস্তে আস্তে আনসার দাপট প্রতিষ্ঠা করায় শেষ পর্যন্ত স্কোর দাঁড়ায় ৩১-২৩।খোদ আনসারের মহাপরিচালক মাঠে এসেছেন খেলোয়াড়দের উৎসাহ দিতে। তাতে খেলোয়াড়েরা আরও উজ্জীবিত ছিলেন। ম্যাচের পর আনসারের উৎসব দেখে মনে হলো, যেন এই মাত্র যুদ্ধ জিতে উঠেছে দলটি। অধিনায়ক আনোয়ারা বেগমের কণ্ঠটা হারিয়ে যাচ্ছিল কোলাহলের মধ্যে, ‘এই দলে শুধু আমি গত বাংলাদেশ গেমসটা খেলেছি। গত কয়েকটা লড়াইয়ে আমরা বিজেএমসির কাছে হেরেছিলাম। সেই জেদ থেকে নতুন দল নিয়েও এবার প্রতিশোধ নিতে পারলাম।’ বিজেএমসি অধিনায়ক শিলা রায় হতাশ, ‘অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই আমরা হেরেছি।’হ্যান্ডবল মাঠের একটু দূরেই উডেনফ্লোর জিমনেসিয়ামেও আনসারের দাপট ছিল। টেবিল টেনিসে মহিলা দলগত ফাইনালে ঢাকা জেলাকে হারিয়ে সোনা জিতেছে আনসার। তবে পুরুষ দলগত বিভাগের ফাইনালে আনসারকে হারিয়ে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে চট্টগ্রাম জেলা।তায়কোয়ান্দোতে নতুন খেলোয়াড় উঠে আসছে। সঠিক পরিচর্যা পেলে যাঁরা ভবিষ্যতে ভালো করতে পারেন। কাল তায়কোয়ান্দোর দ্বিতীয় দিনে সোনা জিতেছেন জাহিদুল ইসলাম, সুইটি আক্তার (বিজেএমসি) শ্রাবণী বিশ্বাস, কোরবান আলী, ইতি ইসলাম (আনসার), তামজিদ হোসেন (বর্ডার গার্ড), আনোয়ার হোসেন, আরমান হোসেন (সেনাবাহিনী), মামুনুর রশিদ (পুলিশ)।হকির দুটি সেমিফাইনাল আজ। দুপুর একটায় মওলানা ভাসানী স্টেডিয়ামে সেনাবাহিনী-ঢাকা প্রথম সেমিফাইনাল। সোয়া তিনটায় দ্বিতীয় সেমিতে মুখোমুখি ফরিদপুর-বিকেএসপি। কাল সেনাবাহিনী ১২-০ গোলে জয়পুরহাটকে হারিয়েছে, নৌবাহিনীর সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে ঢাকা।ফুটবলে নওগাঁকে ৩-২ গোলে হারিয়ে প্রথম জয় তুলেছে রংপুর। নোয়াখালীর বিপক্ষে ২-০ গোলে জিতেছে ঝিনাইদহ। এটি ঝিনাইদহেরও প্রথম জয়। ভলিবলের প্রথম দিনে জয় পেয়েছে সেনা, নৌ, বিমানবাহিনী ও পুলিশ দল।