হ্যান্ডবলে মোহামেডানের স্মরণীয় প্রত্যাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর চেয়ে স্মরণীয় প্রত্যাবর্তন আর কী হতে পারে? মোহামেডানের মহিলা হ্যান্ডবল দল সে কথাই মনে করিয়ে দিচ্ছে। ৭ বছর পর প্রথম বিভাগ মহিলা হ্যান্ডবলে ফিরেই চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।চার দলের সুপার ফোরের শেষ ম্যাচ ছিল কাল। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে হওয়া সেই ম্যাচে মেরিনার ইয়াংসকে ১৬-১২ গোলে হারিয়েছে মোহামেডান। তিনটি ম্যাচই জিতল সাদা-কালোরা। দলটির অধিনায়ক ডালিয়া আক্তারই দলের পক্ষে সবচেয়ে বেশি ৬টি ও শিল্পী ৪টি গোল করেছেন। মেরিনার্সের সাহিদা ৭ গোল করলেও দলের হার এড়াতে পারেননি। দুই জয় নিয়ে রানার্সআপ মেরিনার্স। তৃতীয় আর এন স্পোটর্স জিতেছে একটি ম্যাচ। এই দলের খালেদা পেয়েছেন লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার। সুপার লিগে যাত্রাবাড়ী থেকে গেছে জয়শূন্য। ১৯৯৪ সালে সর্বশেষ মহিলা হ্যান্ডবল লিগে খেলেছিল মোহামেডান। সেবারও চ্যাম্পিয়ন ছিল তারা। পরের বছর লিগ হলেও তার পরের পাঁচ বছর গেছে বিরতি। ২০১০ সালে মাঠে ফেরা লিগটা এবার জমজমাট হয়েছে মোহামেডান ফেরায়। ক্লাবের নতুন পরিচালনা পর্ষদ আসার পর সব খেলায়ই এখন অংশ নেওয়ার পরিকল্পনা করছে মোহামেডান। তারই অংশ হিসেবে দাবায় ফিরে চ্যাম্পিয়ন, সম্প্রতি প্রথম মহিলা করপোরেট ফুটবল লিগেও মোহামেডানের মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে। সঙ্গে যোগ হলো কালকের সাফল্য। চ্যাম্পিয়ন মহিলা হ্যান্ডবল দলকে আগামী মাসে বড় সংবর্ধনা দেবে মোহামেডান। তখন গোটা দল পাবে এক লাখ টাকা বোনাস।