হ্যান্ডবলের মেয়েদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যান্ডবলে সাফল্য আসে মাঝেমধ্যে। সেই সাফল্য উচ্ছ্বাসে ভাসায় গোটা হ্যান্ডবল পরিবারকেই। তারই অংশ হিসেবে কাল সংবর্ধনা পেল ৩-৭ ডিসেম্বর পাকিস্তানের ফয়সালাবাদে আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন চ্যালেঞ্জ কাপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২১ মহিলা দল। সংবর্ধনার আয়োজক জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) প্রত্যেক খেলোয়াড়, কর্মকর্তা ও কোচকে ১০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দিয়েছে।
পাঁচ দলের টুর্নামেন্টে বাংলাদেশ জিতেছে চারটি ম্যাচই। আফগানিস্তান, নেপাল, ইয়েমেনকে হারানোর পর পাকিস্তানের বিপক্ষেওÿ জয়। প্রসঙ্গটা টেনে এনএসসির সচিব শিবনাথ রায় বলছিলেন, ‘আমরা মহিলা হ্যান্ডবল দলকে পাঠাতে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি চাইলে তিনি বলেছিলেন, “দল পাকিস্তানে যাচ্ছে যাক, কিন্তু রেজাল্ট যেন ভালো করে আসে”।’ প্রধানমন্ত্রীর প্রত্যাশা পূরণ করতে পেরে খুশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বাংলাদেশ দলের অধিনায়ক তৃপ্তি বেগম, ‘বিজয়ের মাসের কথা ভেবে পাকিস্তানকে হারাতে আমরা মরিয়া ছিলাম। সেটা আমরা পেরেছি।’
এনএসসিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।