হ্যাভালাঞ্জের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ
ফিফায় বিভিন্ন দুর্নীতি নিয়ে কথাবার্তা ছিল আগে থেকেই। এবার সুইজারল্যান্ডের একটি আইনি দলিলে ফাঁস হয়ে গেল এর একটির সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম। এই ব্যক্তিরা আর কেউ নন, ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সাবেক সভাপতি জোয়াও হ্যাভালাঞ্জ এবং তাঁর জামাতা রিকার্ডো টেইক্সেইরা। বুধবার প্রকাশিত এক দলিল থেকে জানা গেছে, নব্বইয়ের দশকে বিশ্বকাপের একটি চুক্তির ব্যাপারে ঘুষ নিয়েছিলেন ফুটবলের এই দুই শীর্ষ কর্তা।দলিলে আরও বলা হয়েছে, ফিফার আইনি পরামর্শক এ ব্যাপারে ব্যাপারটি অস্বীকার করেছেন। অভিযোগ অস্বীকার করেছেন রিকার্ডো টেইক্সেইরাও। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ব্যাপারে হ্যাভালাঞ্জের মন্তব্য পাওয়া যায়নি।দলিল থেকে জানা গেছে, ১৯৯৭ সালে জোয়াও হ্যাভালাঞ্জ ও রিকার্ডো টেইক্সেইরা একটি ক্রীড়া বিপণন সংস্থার কাছ থেকে ঘুষ নিয়েছিলেন। আইএসএল নামের অধুনালুপ্ত সেই বিপণন সংস্থাটি সে সময় বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার-স্বত্ব বিক্রির দায়িত্বে ছিল। দেউলিয়া হয়ে ২০০১ সালে সেই আইসিএল বন্ধ হয়ে যায়। হ্যাভালাঞ্জ আইসিএলের কাছ থেকে ১ দশমিক ৫ মিলিয়ন ও টেইক্সেইরা ১২ দশমিক ৫ মিলিয়ন সুইস ফ্রাংক ঘুষ হিসেবে নিয়েছিলেন বলে অভিযোগ এসেছে সেই আইনি দলিলে। হ্যাভালাঞ্জ ১৯৭৪ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ফিফার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। টেইক্সেইরা ১৯৮৯ সাল থেকে এ বছরের প্রথম দিক পর্যন্ত ব্রাজিলীয় ফুটবলের অধিকর্তা ছিলেন। দলিলে বলা হয়েছে, ফিফার ওপর চাপ সৃষ্টি করে ২০১০ সালের মে মাসে এ দুজন অভিযোগ থেকে রেহাই পান। এ জন্য অবশ্য তাঁদের মোটা অঙ্কের জরিমানা দিতে হয়েছিল। এদিকে, ফিফা এই প্রকাশিত দলিলকে স্বাগত জানিয়ে বলেছে, এই দুর্নীতির সঙ্গে সংস্থাটির বর্তমান সভাপতি সেপ ব্লাটার কোনোভাবেই জড়িত নন। তবে এই দলিল বেশ কয়েকটি ব্যাপার সামনে নিয়ে এসেছে। দলিলে বলা হয়েছে, বিভিন্ন ধরনের দুর্নীতির কথা ফিফা জেনেও চুপ করে থাকাকেই শ্রেয় মনে করে।ব্রাজিলের অধিবাসী জোয়াও হ্যাভালাঞ্জের বয়স এখন ৯৬। তিনি বর্তমানে বিভিন্ন বার্ধক্যজনিত জটিলতায় আক্রান্ত হয়ে অবসর জীবন-যাপন করছেন।