হ্যাভেলাঞ্জের পক্ষে নেই ব্ল্যাটার
জোয়াও হ্যাভেলাঞ্জকে আর আগলে রাখতে পারলেন না সেপ ব্ল্যাটার। দুর্নীতির কাদা গায়ে মাখা সাবেক সভাপতিকে এবার বোধ হয় ছুড়েই ফেলতে হচ্ছে ফিফাকে। ১৯৯৮ সালে ফিফা ছাড়লেও সংগঠনটির একটি আলংকারিক পদে আছেন ৯৬ বছর বয়সী হ্যাভেলাঞ্জ। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির সাম্মানিক সভাপতি এই ব্রাজিলিয়ানই। ব্ল্যাটার ইঙ্গিত দিয়েছেন, এই পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে হ্যাভেলাঞ্জকে।এত দিন গুরুকে সমর্থন করে এসেছেন ব্ল্যাটার। এতে সমালোচনাও কম হয়নি। সেই চাপেই কিনা পুরোপুরি ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন ৭৬ বছর বয়সী ফিফা সভাপতি। রোববার প্রকাশিত সুইস সাপ্তাহিক সনট্যাগসব্লিককে দেওয়া সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ব্ল্যাটার, ‘তাঁকে যেতেই হবে। এ ঘটনার পর তিনি আর সাম্মানিক সভাপতি পদে থাকতে পারেন না।’হ্যাভেলাঞ্জের আমলে ফিফাতে বেশ বড় পদেই ছিলেন ব্ল্যাটার। তবে আর্থিক অনিয়ম নিয়ে তেমন কিছু নাকি তাঁর জানা ছিল না, এমনটাই বলে আসছেন। শুক্রবার জার্মানির ফুটবল লিগের প্রধান রেইনার্ড রাওবল দুর্নীতির দায় কাঁধে তুলে পদত্যাগ করতে বলেন ব্ল্যাটারকে। ওয়েবসাইট।