হ্যামিল্টন টেস্টের ভুতুড়ে এক দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 একের পর এক ক্যাচ পড়ছে। রানআউটকেই মনে হচ্ছে ব্যাটসম্যানকে ফেরানোর একমাত্র উপায়। রানআউট নিয়েও নাটক! একই প্রান্তে দাঁড়িয়ে থাকা দুই ব্যাটসম্যান অপেক্ষা করছেন কে আউট তা জানতে!  গ্লাভসে লেগে ওপরে উঠে যাওয়া বল পড়ছে সোজা স্টাম্পের ওপর।এর সবই হ্যামিল্টন টেস্টের চতুর্থ দিনের গল্প। ক্রিকেটে অনেক অদ্ভুত ঘটনাই ঘটে। কিন্তু তাই বলে এক দিনেই এত সব! কী বলবেন এটিকে—ভুতুড়ে দিন?সাকিব আল হাসান হাসলেন, ‘ভুতুড়ে দিনই তো! দেখলেন না, সন্ধ্যার সময় হঠাত্ কেমন রোদ উঠে গেল!’আগের দিন বিকেলে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের প্রথম উইকেটটি পড়েছিল রানআউটে। কাল সকালে দ্বিতীয়টিও তা-ই। গালি থেকে ইমরুল কায়েসের সরাসরি থ্রো ফিরিয়ে দিল পিটার ইনগ্রামকে।আসল নাটকটা হলো টিম ম্যাকিন্টোশের রানআউট নিয়ে। মার্টিন গাপটিল মিড অফে খেলেই দৌড় দিলেন। নন-স্ট্রাইকার ম্যাকিন্টোশ দুপা এগিয়েই রান হবে না বুঝতে পেরে ফিরে গেলেন ক্রিজে। গাপটিল যে তাঁর ঘাড়ের ওপর এসে পড়েছেন, সেদিকে খেয়ালও নেই তাঁর। দুই ব্যাটসম্যানকে এক প্রান্তে রেখে রুবেলের সরাসরি থ্রো ব্যাটসম্যান প্রান্তের উইকেট ভাঙল। গাপটিলেরই তো আউট হওয়ার কথা।সিদ্ধান্তটা এত সহজ হলে টিভি আম্পায়ারকে এতবার রিপ্লে দেখতে হতো না। সেই রিপ্লে জানাল, উইকেট ভাঙার মুহূর্তে ম্যাকিন্টোশের ব্যাটটা ক্রিজ থেকে বাইরে বেরিয়ে এসেছিল। টিম ম্যাকিন্টোশ রানআউট ৮৯! সেঞ্চুরিটা হারিয়ে ফেলার দুঃখ চাপা দিয়ে ‘দলে জন্য অবদান রাখতে পেরেছি, তাতেই খুশি’ বলছেন বটে, কিন্তু পরক্ষণেই বেরিয়ে পড়ছে মর্মযাতনাটা, ‘ব্যাটটা যে বেরিয়ে এসেছে, আমি তা বুঝতেই পারিনি।’সকালে নিউজিল্যান্ডের ইনিংসে দুটি রানআউট। বিকেলে বাংলাদেশের ইনিংসেও একটি। রানআউটের সঙ্গে পাল্লা দিয়ে চলল ক্যাচ ফেলার প্রতিযোগিতা। নিউজিল্যান্ডের ইনিংসে তিনটি, বাংলাদেশের ইনিংসে একটি।ওভাবে রানআউট হয়ে ম্যাকিন্টোশ যদি নিজেকে দুর্ভাগা ভাবেন, তাহলে বলতে হবে তাঁর স্মৃতিশক্তি একদমই ভালো নয়। তাঁকে ৮৯ পর্যন্ত তো নিয়ে গেল ভাগ্যই। দু দুবার ক্যাচ দিয়েও বেঁচে গেছেন। প্রথমবার ৫৯ রানে, যখন নিজের বোলিংয়ে একেবারেই সহজ ক্যাচটা নিতে পারেননি মাহমুদউল্লাহ। পরেরবার ডিপ স্কোয়ার লেগে শফিউলের ব্যর্থতায় আউট হওয়ার বদলে উল্টো ৬ রান পেয়ে গেছেন ম্যাকিন্টোশ। বোলার এবারও মাহমুদউল্লাহ।এর আগেই শফিউল নিজের বোলিংয়ে গাপটিলের ক্যাচ ফেলেছেন। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসও ক্যাচ ফেলা আর রানআউটের এই ধারাবাহিকতা ধরে রাখল। ভেট্টোরির বলে থার্ডম্যানে ক্যাচ পড়ল আফতাবের। রানআউটও তিনিই।দিনের সবচেয়ে অদ্ভুতুড়ে ঘটনা অবশ্য এর কোনোটাই নয়। সেটি জুনায়েদ সিদ্দিকের আউট। বাউন্সার গ্লাভসে লেগে বল ফিল্ডারের হাতে যেতেই পারে, কিন্তু সোজা ওপরে উঠে স্টাম্পে নেমে আসা? বিরল তো বটেই।বল গ্লাভসে লাগার পর জুনায়েদ আশপাশে সেটিকে খুঁজে বেড়াচ্ছেন, হঠাত্ শব্দ হলো পেছনে। নন-স্ট্রাইকার ইমরুল কায়েসের তো বলটা দেখার কথা। তিনি তো বলতে পারতেন জুনায়েদকে। ‘বলব কীভাবে, আমিও তো দেখিনি। ওর মতো আমিও বল খুঁজছিলাম’—ইমরুলও বিস্ময়াভিভূত।স্লিপে দাঁড়িয়ে ছিলেন টিম ম্যাকিন্টোশ। ঘটনাটা অদ্ভুত লেগেছে তাঁর কাছেও, ‘পেছন থেকে দেখছিলাম, বলটা স্টাম্পের লাইনেই আছে। কিন্তু ওভাবে ঠিক বেলের ওপর পড়াটা তো একটু অদ্ভুতই।’দ্বিতীয় ইনিংসে যাচ্ছেতাই ব্যাটিংয়ে যারপরনাই ক্ষুব্ধ জেমি সিডন্সের প্রশ্ন, এই ‘অদ্ভুত ঘটনা’টা কেন বাংলাদেশের বিপক্ষেই ঘটতে হবে? ‘আমার শুধু মনে হয়েছে, হোয়াই আস্? এমন উল্টোপাল্টা কিছু ঘটলে সেটি আমাদের পক্ষে হওয়া দরকার।’এতগুলো রানআউট নিয়েও যেমন বললেন, ‘ওদের ইনিংসে চারটা রানআউট হলেও ওরা ধাক্কাটা সামলে নিতে পারে। আমাদের জন্য তো একটাই মরণশেল।’ম্যাচের কী অবস্থা জেনেও এক সাংবাদিক সিডন্সকে প্রথম প্রশ্ন করলেন সেটাই। সিডন্স উত্তর শুরু করলেন ‘ইটস্ গন’ বলে। তার পরও ২৫ ওভারের ‘টেরিবল ব্যাটিং’য়ে প্রথম ইনিংসে অমন ঘুরে দাঁড়ানো মিছে হয়ে যাওয়ার দুঃখ। তামিমের ওই শটকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেছিলেন নিজেই। কিন্তু এটা নিয়ে যখন আরও প্রশ্ন হলো, দাঁড়িয়ে গেলেন প্রিয় শিষ্যের পাশে। বীরেন্দর শেবাগের কথা মনে করিয়ে দিয়ে বললেন, ‘ও এভাবেই খেলে। এভাবে খেলেই যখন এখানে ৬৭ করেছে, দেশে ভারতের বিপক্ষে ১৫০—তখন সবাই ভালো বলেছে। আগের বলটিতে ছক্কা মেরেছিল, পরের বলটিও একই জায়গায় ছিল, কিন্তু মারটা ঠিক হয়নি।’ ইনিংসের শুরুতে তামিমের আত্মবিশ্বাসী খেলা বাকি দলকে কতটা আত্মবিশ্বাস জোগায়—সেই বয়ানও করলেন কিছুক্ষণ।সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে তামিম কোচের সহানুভূতি পাচ্ছেন, আশরাফুল একেবারেই না, ‘আশরাফুল এই সিরিজে পুরো ব্যর্থ। ইনিংসের পর ইনিংস সিদ্ধান্ত নিতে ভুল করেই চলেছে।’ যে পারফরম্যান্স তাতে বাদই পড়ার কথা, অন্তত ‘বিশ্রাম’ দেওয়ার কথা কি ভাবছেন? সিডন্স বললেন, ‘দেশে ফিরে অবশ্যই ওর ব্যাপারটা ভালো করে ভেবে দেখতে হবে।’