হ্যামিল্টনেও ঢাকার কথা মনে রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিচার্ড হ্যাডলি
রিচার্ড হ্যাডলি

দুই দলই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের জন্য হ্যামিল্টনের ম্যাচটি তাই পরের রাউন্ডের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ।
তবে সবার আগে আমি বাংলাদেশকে বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের কৃতিত্ব দেব। শুরু থেকেই বলছি, বাংলাদেশের খেলোয়াড়দের তথাকথিত শক্ত প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য আছে। নিজেদের খেলাটা খেললে আর মানসিক শক্তিটা ধরে রাখতে পারলে তারা যে কাউকে হারাতে পারে। ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে, এখন সামনে নিউজিল্যান্ড। এ ম্যাচে ব্রেন্ডন ম্যাককালামের দলই ফেবারিট, তবে বাংলাদেশকে উপেক্ষা করা ঠিক হবে না। তারা নিউজিল্যান্ডের জন্য হুমকির কারণ হতে পারে, বিশেষত তাদের পেসাররা। কোয়ার্টার ফাইনালে যাওয়ায় তারা চাপমুক্ত হয়ে সাবলীল খেলাটা খেলতে পারবে। আমার মনে হয়, ভারতও কোয়ার্টার ফাইনালে নিজেদের প্রতিপক্ষকে জানতে এ ম্যাচে চোখ রাখবে।
রুবেল হোসেনের ওপর এখন সবার চোখ। ইংল্যান্ডের সঙ্গে ইতিহাস গড়া ম্যাচে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমার মনে হয়, বাংলাদেশের পেসাররা নিউজিল্যান্ডের জন্য সত্যিকারের হুমকি হতে যাচ্ছে। ইংল্যান্ডের সঙ্গে ম্যাচে তারা ৮টি উইকেট নিয়েছিল। ব্যবধান গড়ে দিতে পারে, এমন মানসম্পন্ন স্পিনারও আছে তাদের। নিউজিল্যান্ডকে তারা স্পিনেই আটকাতে চাইবে। তবে সেডন পার্কের পিচ বোলারদের জন্য চ্যালেঞ্জেরই হবে। এক ইনিংসে কমপক্ষে তিন শ রান আমরা আশা করতেই পারি।
নিউজিল্যান্ড গ্রুপ ‘এ’তে এখনো অপরাজিত। গ্রুপে তারা প্রতিপক্ষকে সব ম্যাচে অলআউট করা একমাত্র দল। ৫ ম্যাচে ৫০ উইকেট, অর্জনটা অসাধারণ! টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের বোলিং ওপেনিং জুটি দারুণ ফর্মে আছে। সঙ্গে অভিজ্ঞ ড্যানিয়েল ভেট্টোরি বোলিং আক্রমণকে পূর্ণতা দিয়েছে। ব্রেন্ডন ম্যাককালাম ও কেন উইলিয়ামসনের ব্যাটিং প্রতিপক্ষের চ্যালেঞ্জ উতরাতে সাহায্য করেছে। আর ম্যাককালামের আক্রমণাত্মক অধিনায়কত্বও গড়ে দিয়েছে পার্থক্য। তবে অস্ট্রেলিয়া ছাড়া আর কোনো শক্ত প্রতিপক্ষের সঙ্গে তারা খেলেনি। আগে ব্যাট করে কেউ তিন শর ওপর করলে তাদের ব্যাটিং লাইনআপ কেমন করে, আমি সেটিই দেখতে চাই। সেডন পার্কে বাংলাদেশ কি তা করতে পারবে?
গত কয়েক বছরে বাংলাদেশের উন্নতি সত্যিই চোখে পড়ার মতো। বাংলাদেশ নিউজিল্যান্ডে কোনো আন্তর্জাতিক ম্যাচ এখনো জেতেনি। তবে ঢাকায় এই নিউজিল্যান্ডই কীভাবে হেরেছিল, তা-ও মনে রাখা দরকার। (হক-আই)।


আজকের খেলা

বাংলাদেশ-নিউজিল্যান্ড
(সকাল ৭টা, হ্যামিল্টন)
ইংল্যান্ড-আফগানিস্তান
(সকাল ৯-৩০ মি., সিডনি)

আগামীকালের খেলা
ভারত-জিম্বাবুয়ে
(সকাল ৭টা, অকল্যান্ড)
অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড
(সকাল ৯-৩০ মি., হোবার্ট)

গতকালের ফল
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩৪১/৬
আরব আমিরাত: ৪৭.৩ ওভারে ১৯৫
ফল: দক্ষিণ আফ্রিকা ১৪৬ রানে জয়ী