হয় খেলা, নয় টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই সমঝোতা চুক্তিটিকেই গুরুত্বপূর্ণ মনে করছে পাকিস্তান। ২০১৪ সালে ভারতের সঙ্গে পাকিস্তানের যে সমঝোতা চুক্তি হয়েছিল, তাতে ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে ছয়টি ক্রিকেট সিরিজ হওয়ার কথা। কিন্তু গত বছর প্রথম সিরিজটি আয়োজন করতে গিয়েই ব্যর্থ পাকিস্তান। ভারত কিছুতেই রাজি হয়নি পাকিস্তানের সঙ্গে খেলতে। পাকিস্তানের মাটিতে তো নয়ই, নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায়নি ভারত। কারণটা অবশ্যই রাজনৈতিক। তবে পাকিস্তানের এখন এক দাবি—হয় ক্রিকেট খেলো, নয় ক্ষতিপূরণ দাও।

দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে। সীমান্ত সমস্যা এমন জায়গায় পৌঁছে গেছে যে, বৈশ্বিক প্রতিযোগিতায়ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার ব্যাপারে তাদের মনোভাব নেতিবাচক। অন্য খেলাতে এতটা না হলেও ক্রিকেটে এ ব্যাপারে মোটামুটি শক্ত অবস্থানে ভারত। কিন্তু পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি দাবি তুললেন ক্ষতিপূরণের। শেঠির কথা খুব পরিষ্কার, ‘হয় ভারত আমাদের সঙ্গে খেলুক, নতুবা আমাদের আর্থিক ক্ষতি পুষিয়ে দিক।’

এ ব্যাপারে আইসিসিরও দ্বারস্থ হয়েছে পিসিবি, ‘আমরা আইসিসির কাছেও আমাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি জানিয়েছি। পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সিরিজ খেলার অঙ্গীকার করেও ভারতীয় ক্রিকেট বোর্ড সেটি ভঙ্গ করেছে।’

কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলায় ১৬ সেনা নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে একরকম যুদ্ধাবস্থা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি অনুরাগ ঠাকুর বৈশ্বিক প্রতিযোগিতায়ও পাকিস্তানের সঙ্গে না খেলার কথা বলেছেন। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাংসদ ঠাকুর এর কারণ হিসেবে সরকারি সিদ্ধান্ত ও ভারতীয় জনগণের জাতীয়তাবাদী অনুভূতির কথা বলেছেন, ‘পাকিস্তানকে একঘরে করার ব্যাপারে ভারত সরকারের নীতি ও দেশের মানুষের অনুভূতি মাথায় রেখে আমরা আইসিসিকে যেকোনো বৈশ্বিক প্রতিযোগিতা ভারতকে পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে না রাখার অনুরোধ করছি।’ সূত্র: জি-নিউজ।