
পেনাল্টি স্পটে বসানো বল। পেছনে দাঁড়িয়ে গিওর্গস সামারাস, সামনে আইভরিয়ান গোলকিপার বুবাকার ব্যারি কোপা। ৫৯ হাজার দর্শকে ঠাসা স্টেডিয়ামে পিনপতন নীরবতা। টিভি পর্দার সামনে শঙ্কা-সম্ভাবনা-উৎকণ্ঠায় কোটি দর্শক। দুদলের জন্যই অপেক্ষায়। ঘড়ির কাঁটা এগিয়ে চলছিল, তবু যেন থমকে দাঁড়িয়ে সময়!
সামারাসের ঠান্ডা মাথার গতিময় শট ব্যারি কোপার বাঁ পাশ দিয়ে জালে। প্রথমবার দ্বিতীয় রাউন্ড খেলার আইভরিয়ান-স্বপ্ন গুঁড়িয়ে স্বপ্নের ঠিকানায় গ্রিস, প্রথমবার দ্বিতীয় রাউন্ড! সাফল্য আর ব্যর্থতার ব্যবধান কখনো কখনো কত কম! ঘড়ি ধরে বললে পরশু ব্যবধানটা ছিল ৫৫ সেকেন্ড। শেষ ষোলোতে ওঠার ৫৫ সেকেন্ড দূরত্বে ছিল আইভরিকোস্ট, বাদ পড়ার ৫৫ সেকেন্ড দূরত্বে গ্রিস। নাটকীয় একটা মুহূর্তেই উল্টে গেল ছবি। অতটুকু সময়েই সম্ভাব্য গ্রিক ট্র্যাজেডি রূপ নিল আনন্দময় মহাকাব্যে!
অথচ ম্যাচের আগে গ্রুপে পয়েন্ট টেবিলের তলানিতে ছিল এই গ্রিস। ফুটবল-বিধাতার চিত্রনাট্যে নাটকীয়তার ছোঁয়া শেষ নয় এখানেই। দুই বছরের বেশি সময় গোল অধরা যে ফরোয়ার্ডের কাছে, সেই সামারাসের গোলেই নকআউট পর্বে দল! প্রবল চাপের পেনাল্টি গোলে শেষ পর্যন্ত দলের নায়ক, কিন্তু একটু এদিক-ওদিক হলেই খলনায়ক হয়ে যেতে পারতেন। সামারাস সেটা ভালোভাবেই জানতেন, ‘দৃষ্টি শূন্য হয়ে গিয়েছিল, মাথা ফাঁকা। ওই মুহূর্তে যেন কিছু ভাবতে পারছিলাম না। বল আর জাল ছাড়া দেখছিলাম না কিছু।’ আর বলটা জালে ঢুকতে দেখার পর? ‘স্বস্তি, আনন্দ, উচ্ছ্বাস...। এই অর্জনে আমরা গর্বিত। আমার মনে হয়, দেশের মানুষকে আনন্দের উপলক্ষ এনে দিয়েছি আমরা।’
পেনাল্টিটা রেফারির উপহারই। তবে জয়টাকে উপহার মানতে নারাজ সামারাস, ‘ভাগ্য বলুন বা অন্য কিছু, আইভরিকোস্টের চেয়ে আমরা ভালো খেলেছি। গোল করেছি, তিনবার পোস্টে লেগেছে বল। শেষ পর্যন্ত হাল ছাড়িনি, জয়টা আমাদের প্রাপ্যই ছিল।’ ফিফা ও গোলডটকম।