০-০-৮-০!

লন্ডন অলিম্পিকে আর্চারি হয়েছিল লর্ডসে। কাল কোনো কারণে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামকে কি অ্যাথলেটিকস মাঠ মনে হলো আবদুর রেহমানের? না হলে আচমকাই অমন ‘জ্যাভলিন থ্রো’ শুরু করবেন কেন!
না, রেহমানের হাতে বর্শা ছিল না। তবে বল হাতে যা করলেন, সেটি মনে করিয়ে দিল জ্যাভলিন থ্রোকেই। পাওয়ার প্লে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাঁহাতি স্পিনারের হাতে বল তুলে দিলেন মিসবাহ। প্রথম বল স্টাস্পের বাইরে অনেক উঁচু দিয়ে চলে গেল কিপারের গ্লাভসে। পরিষ্কার নো বল। পরের বল আবার ব্যাটসম্যানের বুক সমান উচ্চতায়। এবার পুল করে মিড উইকেটে ধরা পড়লেন ইমরুল, কিন্তু পরিষ্কার নো বল আবারও। সঙ্গে দৌড়ে এক রান। পাকিস্তান অধিনায়ক মিসবাহকে কাছে ডাকলেন আম্পায়ার ইয়োহান ক্লোয়েটে। শুধু নো বল নয়, দুটি বলই তো বিমার! নিয়ম অনুযায়ী তখনই নিষিদ্ধ হওয়ার কথা রেহমানের। তবে প্রথম বলটি ব্যাটসম্যানের জন্য বিপজ্জনক ছিল না বলে মিসবাহর অনুরোধে আরেকটি সুযোগ পেলেন রেহমান। কিন্তু কাল যে তাঁকে পেয়ে বসেছে জ্যাভলিন থ্রোর নেশায়! পরের বল আবার বুকে, এবার বাউন্ডারিতে পাঠালেন এনামুল। টানা তিন বিমারে নিষিদ্ধ রেহমান। বোলিং বিশ্লেষণ ০-০-৮-০!
রেহমানের দলে ফেরার ম্যাচ ততক্ষণে পরিণত বিভীষিকায়। দুঃস্বপ্নের একটি রেকর্ডও হয়ে গেছে, কোনো বল না করেই সবচেয়ে বেশি রান দেওয়া! মজার ব্যাপার হলো, আগের রেকর্ডটিও ছিল বাংলাদেশের বিপক্ষে। ২০০৬ সালে নাইরোবিতে কলিন্স ওবুইয়ার নো বলে চার মেরে বাংলাদেশকে জয় এনে দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। ওয়ানডে বল না করে রান দেওয়ার ঘটনা আছে আর মাত্র দুটি—পাকিস্তানের মনসুর আখতার ও ওয়েস্ট ইন্ডিজের জিমি অ্যাডামস। দুজনই দিয়েছিলেন ১ রান, ওয়াইডে জিতে গিয়েছিল প্রতিপক্ষ। টেস্টে বল না করেই রান দেওয়ার ঘটনা তিনটি। অ্যালান ল্যাম্ব দিয়েছিলেন ১ রান, ধাম্মিকা প্রসাদ ২ আর ডেভিড গাওয়ার ৪।
তবে রেহমান ছাড়া বাকি সবার ক্ষেত্রেই ছিল স্রেফ একটিই বল, যেটিতে অতিরিক্ত রান পেয়ে জিতে গেছ প্রতিপক্ষ। সেদিক থেকে নতুন রেকর্ডও গড়ে ফেললেন রেহমান। আর সব ছাপিয়ে, বিমারের কারণে কোনো স্পিনারের নিষিদ্ধ হওয়ার ঘটনা সম্ভবত ক্রিকেট ইতিহাসেই প্রথম!