১ উইকেটের দুর্দান্ত জয় জিম্বাবুয়ের
৩২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে জয় তুলে আনতে পারবে—এমনটা হয়তো কেউই ভাবতে পারেননি। কিন্তু ব্রেন্ডন টেলর ও ম্যালকম ওয়ালারের দুর্দান্ত ব্যাটিংয়ে সেই অসাধ্যই সাধন করেছে জিম্বাবুয়ে। চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে ১ উইকেটের জয় দিয়ে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশও এড়িয়েছে স্বাগতিকেরা।জয়ের জন্য ৩২৯ রানের দুরূহ লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার ভুসি সিবান্দাকে হারিয়েছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় উইকেটে ১০০ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয়টা ভালোভাবেই সামাল দেন টেলর ও মাসাকাদজা। ১৮তম ওভারে ৭৫ রানের চমত্কার এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন টেলর। এরপর ঝোড়ো ব্যাটিং করে মাত্র ৭.৪ ওভারেই স্কোরবোর্ডে ৫৯ রান জমা করেন মাসাকাদজা ও টাইবু। কিন্তু এর পর পাঁচ ওভারের মধ্যেই একে একে ফিরে যান মাসাকাদজা, মুতিজওয়া ও টাইবু। ষষ্ঠ উইকেটে ১১২ রানের লড়াকু জুটি গড়ে জিম্বাবুয়েকে অসাধারণ এই জয়ের পথে অনেকখানিই এগিয়ে দেন চিগুম্বুরা ও ওয়ালার। ২৯৫ রানের মাথায় চিগুম্বুরা ফিরে গেলেও বাকি কাজটা বেশ দক্ষতার সঙ্গেই শেষ করেছেন ওয়ালার। তবে শেষ পর্যন্ত দলকে জেতাতে পারলেও হয়তো ব্যক্তিগতভাবে একটু আক্ষেপ নিয়েই মাঠ ছেড়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। মাত্র একটি রানের জন্য জন্য পূর্ণ করতে পারেননি ক্যারিয়ারের প্রথম শতকটি। ৯৯ রানের ম্যাচজয়ী ইনিংসটি খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি।এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু শুরুটা খুব বেশি ভালোভাবে করতে পারেননি কিউই ব্যাটসম্যানরা। প্রথম ৮ ওভারের মধ্যেই দুই ওপেনার রব নিকোল, ওয়াল্টিং ও ব্রেন্ডন ম্যাককালামের উইকেট তুলে নিয়েছিল জিম্বাবুয়ে। চতুর্থ উইকেটে ৮৩ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কাটা সামলে নিয়েছিলেন জেসি রাইডার ও টেলর। দলীয় ১২৪ রানের মাথায় রাইডারকে সাজঘরে পাঠান ম্যালকম ওয়ালার। ৫৩ রান করে ফিরে যান রাইডার। এরপর খেলার বাকি সময় জিম্বাবুয়ে বোলারদের হতাশায় পুড়িয়েছেন রাইডার ও উইলিয়ামসন। পঞ্চম উইকেটে তাঁরা গড়েন ১৯৫ রানের অসাধারণ জুটি। ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে টেলর করেন ১১৯ রান। ৬৯ বলে ১০০ রানের ঝোড়ো ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন উইলিয়ামসন।