
প্রথম বলটি খেলেছিলেন। প্রথম রান এসেছিল তাঁর ব্যাট থেকেই। করেছিলেন প্রথম সেঞ্চুরিও। কিন্তু চার্লস ব্যানারম্যান তখনো জানতেন না, ওই রান আর সেঞ্চুরি তাঁকে স্থায়ী জায়গা করে দেবে ক্রিকেট ইতিহাসে। ইতিহাস গড়া বা আনুষ্ঠানিক কোনো স্বীকৃতির ব্যাপারই যে ছিল না। অস্ট্রেলিয়া সফরে আসা জেমস লিলিহোয়াইটের ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটি ছিল মেলবোর্ন ও সিডনির একটি সম্মিলিত দলের। সেটিই পরে মর্যাদা পেয়ে যায় ইতিহাসের প্রথম টেস্টে ম্যাচের। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান হিসেবেও তাই অমর হয়ে আছেন ব্যানারম্যান। দিনটি ১৮৭৭ সালের ১৫ মার্চ।
ব্যানারম্যান ছিলেন প্রথম, কাল সংখ্যাটি ছুঁল ৫০০০। ওয়েলিংটনে ভারতের বিপক্ষে রস টেলরের ১০২ আন্তর্জাতিক ক্রিকেটের ৫ হাজারতম সেঞ্চুরি! ১ থেকে ১ হাজার হতে সময় লেগেছিল ৯০ বছরেরও বেশি। ১৯৬৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মেলবোর্ন টেস্টে বিল লরির ২০৫ রানের ইনিংসে সেঞ্চুরিসংখ্যা ছুঁয়েছে সহস্র। তখন ক্রিকেটের সংস্করণ ছিল একটি, খেলত কম দেশ, খেলাও হতো অনেক কম। আস্তে আস্তে ওয়ানডে এসেছে, এসেছে টি-টোয়েন্টি। আন্তর্জাতিক ম্যাচ খেলুড়ে দেশের সংখ্যা বেড়েছে, বেড়েছে ম্যাচ আর সেঞ্চুরির সংখ্যা। ২০০০তম সেঞ্চুরিয়ান ডিন জোনস, ১৯৯০ সালে পাকিস্তানের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে। ৩০০০তম স্টিভ ওয়াহ, ২০০১ সালে ভারতের বিপক্ষে কলকাতা টেস্টে। হাজার সেঞ্চুরির মাইলফলকে অস্ট্রেলিয়ার ধারা ভেঙেছেন মাহেলা জয়াবর্ধনে। ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে ক্যান্ডি টেস্টে জয়াবর্ধনের ১৬৫ ছিল ৪০০০তম সেঞ্চুরি।
আন্তর্জাতিক সেঞ্চুরির স্বাদ পেয়েছেন এখন পর্যন্ত ৮০৫ জন ক্রিকেটার। মোটামুটি সবার জানা, সেঞ্চুরির সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার শচীন টেন্ডুলকার। মিরপুর টেস্টের ডাবল সেঞ্চুরিতে জয়াবর্ধনে ছুঁয়েছেন সেঞ্চুরির ফিফটি। টেন্ডুলকার ও জয়াবর্ধনের মাঝে আছেন তিনজন—রিকি পন্টিং (৭১), জ্যাক ক্যালিস (৬৩) ও ব্রায়ান লারা (৫৩)।