১ রানের ঘাম-ঝড়ানো জয় দিল্লির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে রাজস্থান রয়্যালসের প্রয়োজন ছিল ১২ রান। চতুর্থ বলে চমত্কার একটা ছয় মেরে জয়টা প্রায় নাগালেই নিয়ে এসেছিলেন পুরো ম্যাচেই দারুণ ব্যাটিং করা আজিঙ্কা রেহানে। জয়ের জন্য শেষ বলে দরকার মাত্র ২ রান। কিন্তু এই বলেই ব্যাটে বল ছোঁয়াতে পারলেন না এই ডানহাতি ব্যাটসম্যান। বাই রান নিতে গিয়ে রানআউট অপর প্রান্তে থাকা ওয়াইস শাহ। চরম নাটকীয়তার অবসান শেষে মাত্র ১ রানে জয়ের আনন্দে মাতল শেবাগের দিল্লি ডেয়ারডেভিলস। ৬৩ বলে ৮৪ রান করা রেহানে শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন ম্যাচের ট্রাজিক নায়ক হিসেবে।জয়ের জন্য ১৫৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবেই করেছিলেন রাজস্থানের দুই ওপেনার অধিনায়ক রাহুল দ্রাবিড় ও আজিনকা রেহানে। উদ্বোধনী জুটিতে তাঁরা যোগ করেন ৯৯ রান। দ্রাবিড় ৪০ রান করে ফিরে যাওয়ার পর দ্বিতীয় উইকেটে ব্রাড হজকে সঙ্গে নিয়ে আবার ৪২ রানের জুটি গড়েছিলেন রেহানে। জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাঁদের।এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে দিল্লির অধিনায়ক বীরেন্দর শেবাগের দুর্দান্ত ব্যাটিংয়ে ৬ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৫২ রান যোগ করে দিল্লি। মাত্র ৩৯ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন শেবাগ। রাজস্থানের পক্ষে দুটি করে উইকেট পেয়েছেন পঙ্কজ সিং ও অমিত সিং।এই জয় দিয়ে আইপিএলের ৯ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানটা টিকিয়ে রেখেছে দিল্লি ডেয়ারডেভিলস। সমানসংখ্যক ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে কলকাতা নাইট রাইডার্স। ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেন্নাই সুপার কিংস।