টাইব্রেকারের ভাগ্য পরীক্ষায় ব্রাজিল-চিলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সানচেজের এই শট থেকেই বল জড়িয়ে গেছে ব্রাজিলের জালে। ১-১ গোলে সমতা ফিরিয়েছে চিলি। ছবি: রয়টার্স
সানচেজের এই শট থেকেই বল জড়িয়ে গেছে ব্রাজিলের জালে। ১-১ গোলে সমতা ফিরিয়েছে চিলি। ছবি: রয়টার্স

নির্ধারিত ৯০ মিনিট ১-১ গোলের সমতা। ব্রাজিল-চিলির শেষ ষোলোর প্রথম ম্যাচটাই গড়াল অতিরিক্ত সময়ে। সেখানেও কোনো জয়-পরাজয় নির্ধারণ হলো না। অগত্যা পেনাল্টি শুটআউটের ভাগ্যপরীক্ষাতেই নামতে হলো চিলি আর স্বাগতিক ব্রাজিলকে।

এবারের বিশ্বকাপের প্রথম পর্ব শেষ হয়েছে তুমুল উত্তেজনা আর চমক দিয়ে। এবার নক আউট পর্ব যে আরও উত্তাপ ছড়াবে, তেমন ইঙ্গিতও আজ বেশ ভালোমতোই পাওয়া যাচ্ছে। দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল বনাম চিলির প্রথম ম্যাচটাই গড়িয়েছে টাইব্রেকারে। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিটও খেলায় ছিল ১-১ গোলের সমতা।

চিলির খেলোয়াড়দের চেয়ে ব্রাজিলিয়ান খেলোয়াড়দের গড় উচ্চতা বেশি। শারিরীক এই ফায়দাটা যে কাজে লাগাবেন, সেটা আগেই বলেছিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফ্রেড। শুধু কথার কথা না, ব্রাজিলের বিপক্ষে চিলি সত্যিই বিপদে পড়ল বাতাসে ভেসে আসা বলের দখল নিতে গিয়ে। ১৮ মিনিটের মাথায় নেইমারের কর্নার কিক থেকে আসা বলে মাথা ছুঁইয়েছিলেন ব্রাজিলের অধিনায়ক থিয়াগো সিলভা। সেটাই জালে জড়িয়েছেন কিছুটা ফাঁকায় দাঁড়ানো ডেভিড লুইজ।

সঙ্গে সঙ্গেই বেলো হরিজোন্তের স্টেডিয়ামে উঠেছে তুমুল হর্ষধ্বনি। ১-০ গোলে এগিয়ে গেছে ব্রাজিল। কিন্তু এই লিডটা খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ৩২ মিনিটের মাথায় আলেক্সিস সানচেজের গোলে সমতা ফিরিয়েছে চিলি।

প্রথমার্ধের বেশিরভাগ সময়ই চিলির রক্ষণভাগে আতঙ্ক ছড়িয়েছেন ব্রাজিলের খেলোয়াড়রা। বেশ কয়েকটি গোলের সুযোগও পেয়েছিলেন নেইমার, ফ্রেডরা। কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে বল পাঠাতে পারেননি।

অন্যদিকে ব্রাজিলের জমাট রক্ষণভাগে খুব বেশি ফাটল ধরাতে পারেনি চিলি। বলার মতো আক্রমণ চালিয়েছিল মাত্র দুই-তিনবার। এরই মধ্যে একটি সুযোগ পেয়েই সেটা কাজে লাগাতে কোনো ভুল করেননি চিলির তারকা স্ট্রাইকার সানচেজ।

দ্বিতীয়ার্ধের চিত্রও ছিল প্রথমার্ধের মতোই। ৫৪ মিনিটের মাথায় চিলির জালে একবার বলও জড়িয়ে দিয়েছিলেন হাল্ক। কিন্তু হ্যান্ডবলের কারণে সেটা বাতিল হয়ে যায়। উল্টো হলুদ কার্ডও দেখতে হয়েছে ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে। ৭৪ মিনিটে হাল্কের দারুণ একটা ক্রসে পা ছুঁইয়ে গোল করার খুবই সহজ সুযোগ হেলায় হারিয়েছেন ফ্রেডের বদলি হিসেবে মাঠে নামা জো। শেষ ১০ মিনিটে আরও দুই-তিনবার চিলির রক্ষণভাগে আক্রমণ চালিয়েও গোলের দেখা পাননি অস্কার-হাল্করা।

৬৪ মিনিটে চিলিও পেয়েছিল দারুণ একটি সুযোগ। কিন্তু চার্লস আরানগুইজের শটটা দারুণভাবে রুখে দিয়েছেন ব্রাজিলের গোলরক্ষক হুলিও সিজার।