উরুগুয়েকে ৩-১ গোলে হারাল কোস্টারিকা

বেঞ্চে নতমস্তকে বসে হতাশ লুইস সুয়ারেজ। চোটের কারণে বেঞ্চে বসেই দলের পরাজয় দেখতে হলো! এ পরাজয়কে ব্রাজিল বিশ্বকাপের প্রথম অঘটন বলা অত্যুক্তি হবে? যে দলে ডিয়েগো ফোরলান, এডিনসন কাভানি, ডিয়েগো গডিনের মতো খেলোয়াড় রয়েছেন, যে দল গত বিশ্বকাপে চতুর্থ, সেই উরুগুয়েকে ফিফা র্যাঙ্কিংয়ের ২৮ নম্বর দল কোস্টারিকা হারাল ১-৩ ব্যবধানে!
শুরুটা অবশ্য দারুণই হয়েছিল উরুগুয়ের। বক্সে ডিয়েগো লুগানোকে ফাউল করায় পেনাল্টি পেলেন ফোরলানরা। ২৪ মিনিটে পেনাল্টি থেকে কাভানির করা গোলে এগিয়ে গেল উরুগুয়ে। কোস্টারিকা-অধ্যায় শুরু মূলত দ্বিতীয়ার্ধে।
৫৪ মিনিটে উরুগুয়ের জালে বল জড়িয়ে দিলেন জোয়েল ক্যাম্পবেল। কোস্টারিকার এ ফরোয়ার্ডের উদযাপনটা হলো চরম উপভোগ্য। কোস্টারিকার প্রথম গোলের ঠিক তিন মিনিট পরে আবারও উরুগুয়ের জালে দারুণ এক হেডে বল জড়িয়ে দিলেন অস্কার দুয়ার্তে। ৮৪ মিনিটে গোলরক্ষক ফার্নেন্দো মুসলেরার বেশি অগ্রসর হওয়ার সুযোগে উরুগুয়ের কফিনে শেষ পেরেক ঠুকে দিলেন মার্কোস উরেনা। ম্যাচের শেষ দিকে ক্যাম্পবেলকে ফাউল করায় এ বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন উরুগুয়ের ম্যাক্সি পেরেইরা।
