১০ অক্টোবরই বিসিবির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রার্থীদের প্রায় সবাই একই পক্ষের বলে বিসিবির নির্বাচন এখন আনুষ্ঠানিকতামাত্র। যেটুকু অনিশ্চয়তা দেখা দিয়েছিল সেটা নির্বাচন আদালতে গড়ানোয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশে কাল সে অনিশ্চয়তাও দূর হয়ে গেছে। পূর্বঘোষিত তফসিল অনুসারে ১০ অক্টোবরই হবে বিসিবির নির্বাচন।

নির্বাচনের তফসিল পরিবর্তন ও নির্বাচনের আগে যুক্তিসংগত সময় চেয়ে গত বুধবার আপিল বিভাগে আবেদন করেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সংগঠন ফোরাম সভাপতি ইউসুফ জামিল। কিন্তু কাল প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ সেটি খারিজ করে দিয়েছেন। এ ছাড়া আপিল বিভাগের যে রায়ের আলোকে নির্বাচন হচ্ছে, তার প্রত্যায়িত কপির এক জায়গায় ‘২১ নভেম্বরের’ গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন করতে বলা হলেও সেটি ছিল মুদ্রণ প্রমাদ। আদালত কাল সেই ভুলও সংশোধন করেছেন। নির্বাচন হবে বিসিবির ২০১২ সালের ২৯ নভেম্বরের গঠনতন্ত্র মেনেই।

আদালতে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। মূল রিটের ওপর শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম। আর বিসিবির পক্ষে ছিলেন আইনজীবী রফিক-উল হক, রোকনউদ্দিন মাহমুদ, শেখ ফজলে নূর তাপস ও মেহেদী হাসান চৌধুরী। কাল মূল আপিলে পক্ষভুক্ত হতে সাবেক বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরীর আবেদনও নথিভুক্ত করা হয়েছে। তাঁর পক্ষে আইনজীবী ছিলেন এ এম আমিনউদ্দিন।

আদালতের আদেশ জানার পর বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমরা আমাদের আইনজীবীর কাছ থেকে জেনেছি, যে সময়ে নির্বাচন হওয়ার কথা, মহামান্য আদালত সে সময়ে নির্বাচন করারই একটা নির্দেশনা দিয়েছেন। প্রত্যায়িত কপি পাওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে।’ এ ছাড়া কাউন্সিলরশিপ মনোনয়নের প্রক্রিয়া নিয়ে জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফুয়াদের আপিলও খারিজ হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

১০ অক্টোবর বিসিবির নির্বাচন তাই হচ্ছেই। তার আগে নির্বাচনী তফসিল অনুযায়ী আজ মনোনয়ন প্রত্যাহারের দিন। মনোনয়ন প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন কাঁঠালবাগান গ্রিন ক্রিসেন্ট ক্লাবের কাউন্সিলর মো. সালাউদ্দিন চৌধুরী, প্রান্তিক ক্রীড়াচক্রের রাকিব হায়দার, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের জহির আহমদ ও মো. আজিজুর রহিম এবং শেখ জামাল ক্রিকেটার্সের জিকরুল হাসান। তবে গাজী ট্যাংকের লুৎফর রহমান মনোনয়ন প্রত্যাহার করবেন কি না তা জানা যায়নি। নির্বাচন থেকে তিনিও সরে দাঁড়ালে ঢাকার ক্লাব ক্যাটাগরিতে আর নির্বাচন হবেই না।