বয়স ৩৬ ছুঁই-ছুঁই। টেস্টে উইকেটসংখ্যায় সাঈদ আজমল (১৪৪) আবদুল কাদিরকে (২৩৬) ধরতে পারবেন কি না, তা নিয়ে সংশয় আছে। তবে পাকিস্তানের বিখ্যাত লেগ স্পিনার কাদিরের একটি কীর্তি ছোঁয়ার খুব কাছে চলে এসেছেন এই অফ স্পিনার। কাল শেষ হওয়া প্রথম টেস্টে ১১৮ রানে পেয়েছেন ১১ উইকেট। ২৭ টেস্টের ক্যারিয়ারে চতুর্থবারের মতো ম্যাচে ১০ উইকেট পেলেন আজমল। পাকিস্তানি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি পাঁচবার ম্যাচে ১০ উইকেট নিয়েছেন কাদির। অবশ্য কাদির আজমলের দ্বিগুণেরও বেশি ৬৭টি টেস্ট খেলেছেন। পাকিস্তানের পক্ষে সবচেয়ে বেশি ছয়বার ১০ উইকেট নিয়েছেন ইমরান খান।