মাত্র ১ রানের জন্য ওয়াসিম আকরামকে টপকাতে পারলেন না সাঈদ আজমল। হারা ম্যাচে পাকিস্তানের পক্ষে সেরা বোলিংয়ের রেকর্ডে তাই রয়ে গেল সাবেক বাঁহাতি ফাস্ট বোলারের নামই। আজমলের ঠিক ১১ বছর আগে এই মে মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফরে অ্যান্টিগা টেস্টে ১১০ রানে ১১ উইকেট নিয়েও দলকে জেতাতে পারেননি আকরাম। সান্ত্বনা হিসেবে অবশ্য ১ উইকেটে হারা ম্যাচটির ম্যাচ-সেরা হয়েছিলেন। ম্যাচে ১০ উইকেট পেয়েও পরাজয়ের যন্ত্রণায় পোড়ার ৬৬টি ঘটনা থাকলেও সবচেয়ে বেশি ভুগেছেন সাবেক পাকিস্তানি অধিনায়কই। মোট তিনবার তাঁকে সইতে হয়েছে এই যাতনা। তবে আকরাম ও আজমলের চেয়ে ভালো বোলিং ফিগার নিয়েও ম্যাচ হারার ঘটনা আছে আরও ১৭টি। সবার ওপরে জাভাগাল শ্রীনাথ। ১৯৯৯ সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে ইডেন গার্ডেনে তাঁর ১৩ উইকেটও পাকিস্তানের বিপক্ষে জেতাতে পারেনি ভারতকে। টেস্টে শ্রীনাথের ইনিংস-সেরা (৮/৮৬) এবং ম্যাচ-সেরা (১৩/১৩২) বোলিং তাই বিফলেই গেল।