১০ উইকেটের সহজ জয় পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ড সফরের শুরুতেই টি-টোয়েন্টি সিরিজ হারের পর এবার টেস্ট সিরিজে ভালোমতোই ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। হ্যামিল্টন টেস্টে দুই দিন বাকি থাকতেই ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে তারা। দ্বিতীয় ইনিংসে ১৯ রানের টার্গেট নিয়ে ৩.৪ ওভারেই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় সফরকারীরা।পাকিস্তানের এই সহজ জয়ের ভিত্তিটা গড়ে দিয়েছিলেন বোলাররা। উমর গুল, ওয়াহাব রিয়াজ ও আব্দুর রেহমানের দুর্দান্ত বোলিংয়ে আজ তৃতীয় দিনে মাত্র ১১০ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস। মাত্র ৭১ রানেই সাত উইকেট হারানোর পর ইনিংস পরাজয়ের আশঙ্কাও ভর করেছিল স্বাগতিক শিবিরে। ব্রেন্ডন ম্যাককালাম (৩৫) ও মার্টিন গুপ্তিল (১১) ছাড়া নিউজিল্যান্ডের প্রথম সারির ছয় ব্যাটসমানের কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি। শেষদিকে রিস ইয়ংয়ের ১২ ও টিম সোউদির ১৭ রানের সুবাদে কোনক্রমে ইনিংস পরাজয় এড়িয়েছে তারা। রিয়াজ, রেহমান ও গুল নিয়েছেন তিনটি করে উইকেট।এর আগে আজ পাকিস্তান তাদের প্রথম ইনিংস শেষ করেছিল ৩৬৭ রানে। গতকাল ১২৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে পাকিস্তানকে ভালো অবস্থানে নিয়ে গিয়েছিলেন অধিনায়ক মিসবাহ-উল-হক ও আসাদ শফিক। আজ সেই জুটিটাকে তাঁরা টেনে নিয়ে গেছেন ১৪৯ রান পর্যন্ত। দলীয় ২৫৬ রানের মাথায় এই জুটি ভাঙেন টিম সোউদি। ৮৩ রান করে ফিরে যান আসাদ। পরের ওভারে মিসবাহকেও (৬২) সাজঘরে ফেরান আর্নেল। সপ্তম উইকেট জুটিতে আবার ৭৬ রানের জুটি গড়েন আদনান আকমল (৪৪) ও আবদুর রেহমান (২৮)। শেষ পর্যায়ে উমর গুলের ১৭ ও তানভির আহমেদের ১৮ রানের সুবাদে পাকিস্তানের ইনিংস শেষ হয় ৩৬৭ রানে। রয়টার্স