১০ এপ্রিল থেকে আবার সুপার লিগ
জল্পনা-কল্পনা অনেক কিছু থাকলেও প্রিমিয়ার লিগ নিয়ে বিসিবির কালকের জরুরী সভায় সিদ্ধান্ত খুব বেশি হলো না। তবে স্থগিত সুপার লিগের খেলা মাঠে গড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী ১০ এপ্রিল থেকে আবার শুরু হবে সুপার লিগ।গত ২৮ মার্চ ভিক্টোরিয়ার বিপক্ষে ম্যাচে আবাহনী মোহাম্মদ ইউসুফের নিবন্ধন চ্যালেঞ্জ করলে স্থবির হয়ে পড়ে লিগ। অচলস্থা দূর করতে গঠন করা হয় চার সদস্যের বিশেষ কমিটি। বিসিবির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আনামের নেতৃত্বাধীন কমিটির দেওয়া রিপোর্ট পর্যালোচনা করেই ১০ এপ্রিল থেকে আবারও লিগ শুরুর সিদ্ধান্ত। আবাহনী খেলতে অস্বীকৃতি জানানোয় সর্বশেষ ম্যাচে ভিক্টোরিয়াকে দেওয়া হয়েছে পূর্ণ ২ পয়েন্ট। জরুরী সভার পর বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনিস জানিয়েছেন এ তথ্য।বিশেষ কমিটির দেওয়া রিপোর্টের ভিত্তিতে ইউসুফের নিবন্ধন ত্রুটিপূর্ণ ও বিতর্কিত মনে করছে বিসিবি। লিগের পরবর্তি ম্যাচগুলোতে তাই খেলতে পারবেন না পাকিস্তানের এই ব্যাটসম্যান। কিন্তু নিবন্ধন সত্যিই ত্রুটিপূর্ণ হলে সেটির সঙ্গে জড়িতদের শাস্তী কি? ‘এটি আরও তদন্ত করে দেখা হবে। নিবন্ধন অবৈধ্য প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’-বলেছেন জালাল ইউনুস। ভবিষ্যতে খেলোয়াড় নিবন্ধন প্রক্রিয়া আরও নিশি্ছদ্র করার নির্দেশনাও দেওয়া হয়েছে সিসিডিএমকে।গুঞ্জন ছিল, জরুরী সভায় পুনর্গঠন করা হবে সিসিডিএম। কিন্তু আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠিত হলে যেহেতু এমনিতেই আর সিসিডিএমের কোনো অস্তিত্ব থাকবে না, আপাতত সেটিতে হাত দেওয়া হচ্ছে না। তবে সূত্র জানিয়েছে, লিগের বাকী ম্যাচগুলোতে সদস্য সচিব ইকবাল ইউসুফ চৌধুরীকে প্রত্যক্ষ কোনো দায়িত্বে না রাখার সিদ্ধান্ত হয়েছে। সিসিডিএমের ভারপ্রাপ্ত প্রধান হানিফ ভুঁইয়া এবং সমন্বয়ক কাজী আইনুল ইসলাম দেখভাল করবেন সবকিছু। ইউসুফের নিবন্ধন জটিলতায় আবাহনী অভিযোগের আঙ্গুল তুলেছিল সদস্য সচিবের দিকেই।সাকিব-তামিম আইপিএলে চলে যাওয়ায় এক ম্যাচে ৫ জন বিদেশী খেলাতে চেয়েছিল ভিক্টোরিয়া, নিবন্ধন করাতে চেয়েছিল ১০ জন। জরুরী সভায় দ্বিতীয় দাবিটি মানা হলেও খেলানো যাবে সর্বোচ্চ তিন জন বিদেশীই। এটা সব দলের ক্ষেত্রেই প্রযোজ্য।