
ক্রিস্টিয়ানো রোনালদো ফেসবুকে নাম লিখিয়েছিলেন ২০০৯ সালের ৫ জুলাই। এর পর থেকেই যোগাযোগের এই সামাজিক মাধ্যমে তাঁর অগণিত ভক্ত। ভুলই হলো, ফেসবুক কিংবা টুইটারের ক্ষেত্রে ‘অগণিত’ শব্দটা যায় না। ভক্ত যতই বাড়তে থাকুক না কেন সংখ্যাটা টুইটার কিংবা ফেসবুক পেজে দেওয়াই থাকে। এক কোটি, দুই কোটি, তিন কোটি...বাড়তে বাড়তে রোনালদোর ভক্তের সংখ্যা পরশু ছুঁয়েছে ১০০ মিলিয়ন তথা ১০ কোটির মাইলফলক। ফেসবুক ও টুইটার—দুটিতেই তিনি ক্রীড়াঙ্গনের আর সবার চেয়ে অনেক এগিয়ে। ফেসবুকে ১০ কোটি ভক্ত আছে, এমন প্রথম ক্রীড়াবিদও রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার।
ভক্তের সংখ্যা ১০ কোটি ছোঁয়ার পরপরই সবাইকে ধন্যবাদ জানিয়ে ফেসবুকে রোনালদোর পোস্ট—‘আমি খুবই খুশি যে ফেসবুকে আমার বন্ধুর সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে। এটা অবিশ্বাস্য। তোমাদের সবাইকে ধন্যবাদ।’
গতকাল বিকেল পর্যন্ত ফেসবুকে রোনালদো-ভক্ত ছিল ১০ কোটি এক লাখ ৩৪ হাজার ৭৬৫ জন। টুইটারে তাঁর অনুসারী তিন কোটি ৪৯ লাখ নয় হাজার ৭৬৩ জন। ফেসবুকে রোনালদোর পর দ্বিতীয় সর্বোচ্চ ভক্ত লিওনেল মেসির—সাত কোটি ৩৯ লাখ ৩২ হাজার ৪১৯ জন। মেসির টুইটার অ্যাকাউন্ট নেই। থাকলে ফেসবুক-ভক্তের পাশাপাশি পাশের ছকে টুইটার অনুসারীদের সংখ্যাটাও দেওয়া যেত। এই তালিকার তিন ও চারে আছেন ফুটবলের দুই পরিচিত মুখ ডেভিড বেকহাম ও নেইমার।
একসময়ের ডব্লুডব্লুএফ অনেক দিনই ডব্লুডব্লুই—এই রেসলিং খেলা হিসেবে বিবেচিত হবে কি না, এ নিয়ে বিতর্ক আছে। প্রসঙ্গটা এল, কারণ কাকা, রোনালদিনহো কিংবা বাস্কেটবল কিংবদন্তির মাইকেল জর্ডানকে পেছনে ফেলে ফেসবুক-ভক্তের দিক থেকে এগিয়ে দুই রেসলার—‘দ্য রক’ খ্যাত রেসলার ডোয়াইন জনসন (৪,১৯,৪৭,৭৪৭) এবং জন সিনা (৩,৩৫,৮৯,৩২৪)। এই দুজনকে বাদ দিয়েই অবশ্য পাশের সেরা দশের তালিকা। ফেসবুক।