১০ কোটি টাকার ট্র্যাকে বড় বড় গর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রতিদিন সকাল-বিকেল অনুশীলন করছেন এশিয়ান ও কমনওয়েলথ গেমসের ক্যাম্পে থাকা ১২ জন অ্যাথলেট। ১৪ জন জুনিয়র অ্যাথলেটও নিয়মিত অনুশীলন করেন একই সময়ে। তবে স্টেডিয়ামে এলেই মনটা বেশ খারাপ হয়ে যায় অ্যাথলেট নাজমুন নাহার বিউটির। এই ট্র্যাকে দৌড়াতে গেলেই ভয় লাগে তাঁর।ভয় পাওয়ারই কথা। ১০ কোটি টাকা ব্যয়ে ট্র্যাক বসানোর মাত্র তিন বছরেই সেটি বুড়িয়ে গেছে। এটির এবড়োখেবড়ো শরীরের জায়গায় জায়গায় প্রায় ২৫-৩০টি গর্ত। সবচেয়ে ঝুঁকিপূর্ণ গর্তটি হয়েছে স্টেডিয়ামের পূর্ব পাশে। প্রায় আধা ফুটের মতো বড় এই গর্তে পা পিছলে যেকোনো সময় ইনজুরিতে পড়তে পারেন অ্যাথলেটরা।গত সাফ গেমসের সময় বেশ কয়েকটি ছোট ছোট গর্ত ছিল। কিন্তু সেগুলোকে খুব বেশি আমল দেননি কেউ। এরপর এই ট্র্যাকেই গত ৫ ও ৬ মে হয়েছে ওয়ালটন ৩৫তম সিনিয়র অ্যাথলেটিকস এবং ২৮ ও ২৯ মে হয়েছে জুনিয়রদের প্রতিযোগিতা। ফেডারেশনের সদস্য ও সাফ গেমসের সাবেক সোনাজয়ী অ্যাথলেট মাহবুব আলম দাবি করলেন, ‘ট্র্যাকের সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে চ্যানেল আই ক্ষুদে গানরাজের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে। গত ১০ জুন অনুষ্ঠিত ওই ফাইনালের দিন ১১টি ঘোড়ার গাড়ি চলে ট্র্যাকের ওপর দিয়ে। ওই গাড়িতে করে নিয়ে আসা হয় প্রতিযোগীদের। ঘোড়ার পায়ের খুরের নিচে থাকা স্টিলের আঘাতেই ট্র্যাক ক্ষতিগ্রস্ত হয়েছে।’ এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য চ্যানেল আইয়ের পরিচালক (বিপণন) ইবনে হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমরা এনএসসি (জাতীয় ক্রীড়া পরিষদ) ও অন্যান্য দপ্তর থেকে অনুমতি নিয়েই অনুষ্ঠান করেছি। অনুষ্ঠানের জন্য মঞ্চ সাজানো থেকে সবকিছুই হয়েছে এনএসসির লোকজনের সামনেই।’ ক্ষতিগ্রস্ত এই ট্র্যাক নিয়ে অভিযোগের অন্ত নেই অ্যাথলেটদের। স্প্রিন্টার নাজমুন নাহার বললেন, ‘ট্র্যাকের ৫ নম্বর লেনে সবচেয়ে বেশি সমস্যা। গত এসএ গেমসে ওই লেনে দৌড়েই আমার রেজাল্ট খারাপ হয়েছে। এই গর্তগুলোয় দৌড়াতে গিয়ে কখন যে ইনজুরিতে পড়ি সেটা নিয়ে ভয়ে থাকি সারাক্ষণ। বৃষ্টি এলেই পানি জমে থাকে ট্র্যাকে। এভাবে চলতে থাকলে ট্র্যাকটি বেশি দিন টিকবে না।’ হার্ডলার আসাদুল জানালেন, ‘আমরা সুপার গ্লু দিয়ে ট্র্যাকের কয়েক জায়গার ক্ষতগুলো ঠিক করে দিয়েছি। তার পরও ভয়ে থাকি, কখন যেন পা পিছলে যায় আমাদের।’ তবে এসব নিয়ে যেন মোটেও মাথাব্যথা নেই ফেডারেশনের। সাধারণ সম্পাদক শাহ আলম কাল টেলিফোনে জানান, ‘আমি আজই (কাল) শুনলাম যে ট্র্যাক ক্ষতিগ্রস্ত। এখন এটা দেখব, এরপর এনএসসিকে জানাব।’