১০ জন নিয়েও ইতালির বড় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একটি চমৎকার জয় পেয়েছে ইতালি। বিশ্বকাপের বাছাইপর্বে কাল নিজেদের মাটিতে ইতালি ডেনমার্ককে হারিয়েছে ৩-১ গোলে। এই জয়ে নিজেদের গ্রুপে শীর্ষস্থান অক্ষুণ্ন রেখে বিশ্বকাপের চূড়ান্তপর্বের পথে অনেক দূর এগিয়ে রইল ‘আজ্জুরি’রা।কাল ডেনিশদের বিপক্ষে জয়টা সহজ ছিল না ইতালির জন্য। পুরো দ্বিতীয়ার্ধ ১০ জনের দল নিয়ে খেলেও শেষ অবধি পাওয়া এই বড় জয় সিজারে প্রানদেল্লির অধীনে তাঁদের দারুণ আত্মবিশ্বাসই নির্দেশ করে। তবে ম্যাচের শুরুটা কিন্তু ছিল ডেনমার্কময়।খেলার শুরু থেকে ডেনিশ আক্রমণের তোড় আছড়ে পড়তে থাকে ইতালির রক্ষণব্যূহে। তবে নিজেদের সামলে ৩৩ মিনিটের সময় রিকার্ডো মন্টেলিভোর গোলে এগিয়ে যায় ইতালি। মাত্র চার মিনিটের ব্যবধানে ৩৭ মিনিটের সময় ড্যানিয়েল ডি রসি ইতালিকে আবারও এগিয়ে দিলে ডেনিশদের মনোবল সম্পূর্ণ ভেঙে পড়ে। তবে ৪৫ মিনিটে উইলিয়াম কেভিস্ট জরগেনসনের গোল সেই মনোবল কিছুটা ফিরিয়ে দেয় ডেনমার্কের। দ্বিতীয়ার্ধের শুরুতে ইতালির স্ট্রাইকার পাবলো ওসভালদো লালকার্ড পেলে ডেনিশ দল নড়েচড়ে ওঠে। তবে ৫৪ মিনিটে মারিও বালোতেল্লি গোল করলে কোনো অঘটন ঘটানোর ফুরসত আর ডেনমার্ক খুঁজে পায়নি। রয়টার্স।