১০ জন হয়েও জিতল আর্সেনাল
পেনাল্টি থেকে গোল করে দলকে ভাসালেন উৎসবে। পরে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন। নায়ক থেকে কাল খলনায়ক হতে পারতেন মিকায়েল আরতেতা। হননি, কারণ শেষ পর্যন্ত জিতেই মাঠ ছেড়েছে আর্সেনাল। ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়ে ইংলিশ লিগে আর্সেনালই সবার ওপরে।
প্রথমার্ধে কোনো গোল করতে পারেননি ওজিল-জিরুরা। ৪৬ মিনিটে আর্সেনাল মিডফিল্ডার নাবরিকে বক্সে ফেলে দেওয়া হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে দলকে এগিয়ে দেন আরতেতা। এএফপি।
কিন্তু ৬৭ মিনিটেই মাঠ ছেড়ে যেতে হয় আরতেতাকে। আর্সেনালেরই সাবেক খেলোয়াড় শামাখকে ফেলে দিয়েছিলেন। রেফারি সরাসরি লাল কার্ড দেখান। এরপর প্যালেস দুর্দান্ত দুটি সুযোগ পেয়েছিল। দুবারই দারুণ সেভ করে স্বাগতিকদের নিরাশ করেন আর্সেনাল গোলরক্ষক শেজনি। উল্টো ৮৭ মিনিটে আরেকটি গোল করে ব্যবধান বাড়ান ফর্মে থাকা স্ট্রাইকার অলিভিয়ের জিরু।
এদিকে সুয়ারেজের হ্যাটট্রিকে লিভারপুল ৪-১ গোলে হারিয়েছে ওয়েস্ট ব্রমকে। পিছিয়ে পড়েও স্টোকের সঙ্গে ৩-২ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বুন্দেসলিগায় বায়ার্ন ৩-২ গোলে হারিয়েছে হার্থা বার্লিনকে। শালকের সঙ্গে ৩-১ গোলে জিতেছে ডর্টমুন্ড।