১০ জনেও দুর্দান্ত আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ জনের আবাহনীকে বাগে পেয়েও হারাতে পারল না ব্রাদার্স। ড্র করতে পারলেও কথা ছিল। কিন্তু আবাহনী সৃজনশীলতার ছাপ রেখে ম্যাচটা জিতে নিয়েছে ৪-২ গোলে।এর চেয়েও বড় খবর, শেষ ৬০ মিনিট ১০ জনের দল নিয়ে খেলেও আবাহনী গোল করেছে তিনটি। একসময় তো স্কোরলাইন ছিল ৩-০! দশজন হয়ে যাওয়া মানেই যে রক্ষণ-চিন্তা নয়, আক্রমণাত্মক আবাহনী এটা দেখাল।শীর্ষে থাকা আবাহনীর পয়েন্ট হারানোর দিকেই এখন প্রার্থনা বড় দলগুলোর, সে আশায় কাল অন্তত গুড়েবালি। আগের ম্যাচটায় আবাহনীকে হারিয়ে লিগ খানিক জমিয়ে তুলতে পেরেছে মোহামেডান, নইলে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে যাওয়া আবাহনীর তো ছিল এক্সপ্রেস গতি।গত ম্যাচের হারটা একটু গতি কমিয়ে দিয়েছিল। ‘মোহামেডান-স্টেশনে’ থেমে যেন জ্বালানি ভরেছে নতুন করে। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট, দ্বিতীয় স্থানে থাকা মুক্তিযোদ্ধার ৩০। ওদিকে ব্রাদার্স মাঝে মেরুদণ্ড সোজা করে দাঁড়ালেও টানা দুই হারে সেটি ভেঙে পড়ার উপক্রম। ১৪ ম্যাচে পয়েন্ট ১৫, সপ্তম স্থানের ব্রাদার্স সামনে দেখছে দুর্যোগের ঘনঘটা।কাল ব্রাদার্সের হারে বড় দায় তাদের লেফট ব্যাক জাবেদের। তিনটি গোলেই তাঁর ‘অবদান’ আছে। শুরুটা ১৫ মিনিটে বক্সে ধাবমান আবাহনীর উইঙ্গার জাহিদকে ফাউল করে পেনাল্টি উপহার দিয়ে। ফ্রাঙ্ক পেনাল্টিতে করেন ১-০।৩০ মিনিটে ট্রাজিক নায়কে পরিণত পেনাল্টি আদায় করা আবাহনীর ‘মাথা গরম’ জাহিদই। রক্ষণ কাজে এসে ব্রাদার্সের দিদারকে টেনে ফেলে দিয়ে দেখলেন দ্বিতীয় হলুদ কার্ড, মানে লাল কার্ড। আবাহনী পয়েন্ট হারালে জাহিদের এই লাল কার্ডই হতে পারত টার্নিং পয়েন্ট।আবাহনীর শুরুটা ৪-৪-২ ফর্মেশনে, ১০ জন হয়ে গেলে স্ট্রাইকার ফ্রাঙ্ক আর সিলভার মধ্যে একজন নিচে এসে সাহায্য করেছেন। ব্রাজিলিয়ান কার্লো ডি সিলভা কালই প্রথম পরলেন আকাশি-নীল জার্সি। দেখে মনে হলো, ঢাকার শরীরনির্ভর ফুটবল তাঁর জন্য কঠিনই হবে, তবে পায়ের ব্রাজিলিয়ান ছন্দ কয়েকটা পাসেই বুঝিয়ে দিয়েছেন। যদিও একবার ১: ১ অবস্থায় গোল করতে পারেননি।তবে আবাহনী বেশির ভাগ সুযোগই কাজে লাগাতে পেরেছে, যা পারেনি ব্রাদার্স। বিরতির ঠিক আগে ইব্রাহিমের পাসে ফ্রাঙ্ক দলের দ্বিতীয় গোলটা করেন। ৪৮ মিনিটে সিলভার পাশে বক্সে ভেতর চকিতে শরীর ঘুরিয়ে ইব্রাহিম দারুণ শটে করেন ৩-০।৬০ মিনিটে জসুয়া ফাঁকা পোস্টে হেড করে ৩-১ করে দেন। এরপর আবাহনীর মিডফিল্ডার আরমান আজিজ প্রায় মাঝমাঠ থেকে প্রতিপক্ষের অফসাইড ফাঁদ এড়িয়ে বুদ্ধিদীপ্ত প্লেসিংয়ে করেন ৪-১। শেষ দিকে কিংসলের শটে ৪-২।দল দুটি গোল খাওয়ায় ক্ষুব্ধ আবাহনী কোচ আলী আকবর পোরমুসলিমি। লাল কার্ড দেওয়ায় সমালোচনা করেছেন রেফারি আজাদ রহমানের। ব্রাদার্স কোচ সৈয়দ নইমুদ্দিনের নির্বাক চাহনিতে ছিল একরাশ হতাশা।