১০ জনের গ্রিসেও ব্যর্থ জাপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের ২৭ মিনিটে একবার হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেছিলেন রেফারি। কিন্তু ৩৮ মিনিটে আর পার পেলেন না কস্তাস কাতসুরানিস। লাল কার্ড, গ্রিস অধিনায়কের গন্তব্য সোজা ড্রেসিং রুম। ১০ জনের দলের সঙ্গে সুযোগটা কাজে লাগানো উচিত ছিল জাপানের। কিন্তু বাকি ৫২ মিনিটেও গোলমুখ খুলতে পারেনি নীল সামুরাইরা। পরশু নাতালে জাপান-গ্রিস ম্যাচটি হয়েছে গোলশূন্য। ড্রয়ের লাভ ঘরে তুলেছে অবশ্য কলম্বিয়া। টানা দুই জয়ে ২৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে উঠে গেছে তারা৷
এবার এশিয়ার প্রতিনিধিদের মধ্যে সবার আগে দেশের বিমান ধরতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। বাকিদের মধ্যে এখনো গাণিতিকভাবে শেষ ষোলোয় যাওয়ার সম্ভাবনা টিকে আছে ইরান, দক্ষিণ কোরিয়া ও জাপানের।
প্রথম ম্যাচে হারায় জয়টা যেমন দরকার ছিল জাপানের, একই অবস্থা গ্রিসেরও। কিন্তু অতি আক্রমণাত্মক জাপানের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়ায় গ্রিসের রক্ষণ। তাই বল দখলে আধিপত্য রেখেও শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়ে ফিরতে হয়েছে জাপানকে। ম্যাচের ২৮ মিনিটে হোন্ডার অসাধারণ ফ্রিকিক ঠেকিয়ে দেন গ্রিস গোলরক্ষক ওরেস্তিস কারনেজিস। বেশ কয়েকটি চমৎকার সুযোগ নষ্ট করেছেন ওসাকো, নাগাতোমোরা।
জাপান কোচ আলবার্তো জাকেরনি জয় না পাওয়ায় হতাশ, ‘আমরা আক্রমণের চেষ্টা করেছি, নিজেদের খেলাটাই খেলতে চেয়েছি। কখনোই ড্রয়ের জন্য নামিনি। জয়টাই জরুরি ছিল আমাদের।’
শেষ ষোলোতে উঠতে ২৪ জুন জাপানকে গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়াকে হারাতেই হবে। টানা দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে কলম্বিয়া। একটি জয়ে ৩ পয়েন্ট আইভরিকোস্টের। জাপান ও গ্রিসের পয়েন্ট ১ করে। সূত্র: এএফপি, রয়টার্স, ওয়েবসাইট৷