১০ প্রশ্নের ব্রাজিল বিশ্বকাপ

ক্রমেই এগিয়ে আসছে বিশ্বকাপ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উন্মাদনা। ফুটবলপ্রেমীরা উত্তেজিত-ব্যস্ত নানা সমীকরণ মেলাতে। একই সঙ্গে চলছে খেলা দেখার প্রস্তুতিও। আড্ডায় চলছে বিভিন্ন বিষয় নিয়ে তর্ক। কে জিতবে বিশ্বকাপ? পুরোনো শিরোপাধারীদের ঘরেই বিশ্বকাপ যাবে, নাকি নতুন কোনো বাজির ঘোড়া এবার জয় করে নেবে বিশ্বজয়ের গৌরব। গোটা বিশ্বই এখন মজে আছে এ আলোচনাতেই। এবারের বিশ্বকাপ ব্রাজিলে অনুষ্ঠিত হওয়ায় পুরো বিষয়টিই যেন ভিন্ন মাত্রা পেয়েছে। ১৯৭৮ সালের পর এই প্রথম লাতিন কোনো দেশে আয়োজন করা হচ্ছে ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ। সব মিলিয়ে গোটা বিশ্বেই যেন সাজ সাজ এক রব। এবারের বিশ্বকাপ লড়াই আবর্তিত হবে যে ব্যাপারগুলোকে কেন্দ্র করে সেগুলো থেকে ১০টি মৌলিক প্রশ্ন আলাদা করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রিয় পাঠক, আসুন একবার চোখ বুলিয়ে নেওয়া যাক সেই ১০টি প্রশ্নে...
১. শুরু ও শেষের তথ্য
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ১২ জুন, বৃহস্পতিবার। সাও পাওলোতে বাংলাদেশ সময় রাত দুটোয় মাঠে নামবে স্বাগতিক ব্রাজিল, প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ জুলাই রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে।
২. ফেবারিট-তত্ত্ব
বেশির ভাগ বাজিকরের মতে, এবারের বিশ্বকাপের শিরোপা জয়ের প্রধান দাবিদার ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের পক্ষে বাজির দর ৩/১। বাজিকরদের চোখে দ্বিতীয় ফেবারিট আর্জেন্টিনা। বাজিকরদের মতে, গ্রুপিং থেকে শুরু করে এবারের বিশ্বকাপ ড্রর অনেক কিছুই নাকি আর্জেন্টিনার পক্ষে গেছে। তৃতীয় ও চতুর্থ অবস্থানে জার্মানি ও স্পেন।
৩. চমকের কালো ঘোড়ারা
এই দলে সবচেয়ে এগিয়ে বেলজিয়াম। বাজির দরে তাদের অবস্থান পঞ্চম। তাদের স্থানটা আরও ওপরে উঠতে পারত। কিন্তু বিশ্বকাপে দলটির অতীত ইতিহাস এ ক্ষেত্রে বাজিকরদের তেমন একটা উত্সাহিত করেনি। এখনো পর্যন্ত কেবল ১৯৮৬ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডের গণ্ডি পেরোতে পেরেছিল বেলজিয়াম। তাদের বাজির দর ১৬/১। ষষ্ঠ ফেবারিট ফ্রান্সের পক্ষে বাজির দর বাজিকর ভেদে ১৮/১ ও ২৫/১-এর ভেতরে। তুলনামূলক সহজ গ্রুপে পড়া কলম্বিয়ার পক্ষে বাজির দর ২৫/১।
৪. দ্যুতিময় জ্যোতিষ্করা
বিশ্বকাপে তিনজন খেলোয়াড় দ্যুতি ছড়াবেন, এ নিয়ে কোনো সংশয় নেই। তাঁরা হলেন আর্জেন্টিনার লিওনেল মেসি, পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো ও স্বাগতিক ব্রাজিলের নেইমার। এর বাইরে থেকে কেউ যদি আলোর ঝলকানি দিয়ে যান, সেটা হবে এই বিশ্বকাপের সবচেয়ে বড় প্রাপ্তি।
৫. বিশ্বকাপে গোল
সাম্প্রতিক ধারাবাহিকতা বজায় থাকলে ব্রাজিল বিশ্বকাপে খুব বেশি গোল হওয়ার কথা নয়। ১৯৯৪ সালের পর প্রতিটি বিশ্বকাপে গোলের হার কমেছে। ১৯৯৪ বিশ্বকাপে ম্যাচপ্রতি ২ দশমিক ৭১ গোল হয়েছিল। সর্বশেষ ২০১০ বিশ্বকাপে সেটা কমে দাঁড়ায় ম্যাচপ্রতি ২ দশমিক ২৭। ম্যাচপ্রতি তিন গোল অতিক্রম করেছিল সর্বশেষ ১৯৫৮ সালে সুইডেনে অনুষ্ঠিত বিশ্বকাপ।
৬. মাইলফলকের বিশ্বকাপ
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ১৫ গোল করা রোনালদোর রেকর্ডে ভাগ বসাতে পারেন মিরোস্লাভ ক্লোসা। বিশ্বকাপে জার্মান স্ট্রাইকারের গোলসংখ্যা এখন ১৪টি। নিজেদের প্রথম ম্যাচে যদি আলজেরিয়া গোল করতে না পারে, তাহলে টানা ছয় বিশ্বকাপে গোলহীন অবস্থায় আসর শুরু হবে দলটির। এ রেকর্ড এখন পর্যন্ত কারও নেই।
বিশ্বকাপে সাত ম্যাচে গোল না খাওয়ার কৃতিত্ব রয়েছে স্পেনের গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের। আর তিন ম্যাচ গোল না খেলে পিটার শিলটন ও ফ্যাবিয়েন বার্থেজের রেকর্ড স্পর্শ করবেন তিনি। আরও একটি মাইলফলক আছে ক্যাসিয়াসের সামনে। টানা ৫১৭ মিনিট গোল না খাওয়ার রেকর্ড আছে ইতালির গোলরক্ষক ওয়াল্টার জেঙ্গার। আর ৮৪ মিনিটে গোল না খেলেই সেই রেকর্ড স্পর্শ করবেন ক্যাসিয়াস।
এখন পর্যন্ত খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতার রেকর্ড রয়েছে কেবল মারিও জাগালো ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের। যুক্তরাষ্ট্রের কোচ জার্জেন ক্লিন্সম্যান বা ফ্রান্সের কোচ দিদিয়ের দেশামস নিজেদের দলকে বিশ্বকাপ জেতাতে পারলে সেই রেকর্ডে নাম লেখাবেন।
৭. ভেন্যুর প্রস্তুতি
ব্রাজিল বিশ্বকাপে মোট ১২টি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হবে। এর মধ্যে গত বছরের কনফেডারেশনস কাপ উপলক্ষে ছয়টি স্টেডিয়াম পুরোপুরি প্রস্তুত করা হয়। বাকি ছয়টি স্টেডিয়ামে এখনো কিছু সমস্যা রয়ে গেছে। তবে প্রায় সবগুলো স্টেডিয়ামই ভেতরে-বাইরে আকর্ষণীয়।
৮. বিশ্বকাপের দর্শক
৬৪টি ম্যাচের জন্য এখন পর্যন্ত প্রায় ৩০ লাখ টিকিট বিক্রি হয়েছে। এর মানে প্রতি ম্যাচে গ্যালারিতে গড়ে ৪৭ হাজার দর্শক থাকবে। বিশ্বকাপ আসরে এই দর্শক সংখ্যা খুবই স্বাভাবিক। ব্রাজিলে সর্বশেষ ১৯৫০ সালে অনুষ্ঠিত বিশ্বকাপেও একই চিত্র ছিল।
৯. আবহাওয়া
এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে বেশ অদ্ভুত আবহাওয়ায়। বিশাল ব্রাজিলের দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের মধ্যে আবহাওয়ার পার্থক্য হবে আকাশ-পাতাল। উত্তরে প্রচণ্ড গরম ও আর্দ্র আবহাওয়ার হাঁসফাঁস করতে হবে দর্শক ও খেলোয়াড়দের। দক্ষিণে আবহাওয়া নেমে আসতে পারে বরফ-শীতল পর্যায়ে।
১০. বিক্ষোভ-সংঘর্ষ
সংক্ষেপে বলা যায়, ব্যাপারটা আগে থেকে বলা কঠিন। বিক্ষোভ হতেই পারে। তবে গত বছরের মতো ততটা প্রবল বিক্ষোভ হয়তো হবে না। যদি আগের মতো সহিংসতার ঘটনা ঘটে, ব্রাজিলের পুলিশ ও সেনাবাহিনী কঠোর হাতে তা দমন করবে।