ছেলে জিতলেন ব্রিটিশ ওপেন গলফের শিরোপা, আর বাজিতে জিতে ধনী বনে গেলেন বাবা! সত্যি সত্যিই ১৪৩তম ব্রিটিশ ওপেন ম্যাকইলরয় পরিবারকে ভাসিয়েছে ‘দ্বৈত’ জয়ের আনন্দে। পরশু ব্রিটিশ ওপেনে জিতেছেন ররি ম্যাকইলরয়। যেটা তাঁর ক্যারিয়ারের তৃতীয় বড় শিরোপা। আইরিশ গলফারের এই জয় তাঁর বাবা গ্যারি ম্যাকইলরয়কে জিতিয়ে দিয়েছে ১০ বছর আগে ধরা এক বাজিতে। যাতে জিতে গ্যারি পেয়েছেন এক লাখ পাউন্ড! এক দশক আগে গ্যারি বাজি ধরেছিলেন, তাঁর ছেলে একদিন ব্রিটিশ ওপেন জিতবে। তখন যেহেতু গলফে ররির কেবল হাতেখড়ি, তাই বাজির দর ছিল ৫০০: ১। গ্যারির সঙ্গে তাঁর দুই বন্ধুও জিতেছেন ৮০ হাজার পাউন্ডের কাছাকাছি। রয়টার্স।
ডক্টর নেভিল
ক্যারিয়ারে বলার মতো অর্জন কম নেই। গ্যারি নেভিল এবার যে সম্মান পেলেন, সেটা তাঁকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। স্যালফোর্ড বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার। তবে এই অর্জনটা পুরোপুরি খেলোয়াড়ি কৃতিত্বের জন্য নয়। ক্রীড়াক্ষেত্রে অবদানের সঙ্গে নির্মাণশিল্পে ভূমিকা রাখার জন্য নেভিল পেয়েছেন এই সম্মান। খেলা ছাড়ার পর ফুটবল বিশ্লেষকের সঙ্গে নেভিল এখন একজন নির্মাণ ব্যবসায়ীও l মেইল অনলাইন
আক্রমণ
১১ ম্যাচে মাত্র ৭ পয়েন্ট। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে ফ্ল্যামেঙ্গোর এই অবস্থানে সমর্থকেরা ভীষণ ক্ষুব্ধ। গত রোববার নিজেদের সর্বশেষ খেলায় ইন্টারন্যাসিওনালের কাছে ৪-০ গোলের হারের পর এক সমর্থক তো আক্রমণই করে বসলেন আন্দ্রে সন্তোসের ওপর। ম্যাচ শেষে পোর্তো আলেগ্রের বেইরা-রিও স্টেডিয়াম ছেড়ে যাওয়ার সময় আক্রমণের শিকার হন ব্রাজিলের জাতীয় দলের হয়ে ২৪টি ম্যাচ খেলা এই ডিফেন্ডার। হামলা এবং সন্তোসের চোটের বিস্তারিত জানা যায়নি। তবে এ ঘটনায় ক্ষুব্ধ ফ্ল্যামেঙ্গোর কোচ নেই ফ্রাঙ্কো শাস্তি দাবি করেছেন ওই সমর্থকের, ‘তাঁকে গ্রেপ্তার করা উচিত। আশা করছি পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।’ আইএএনএস।