১০ বছর পর হকিতে রেলওয়ে
ম্যাচ শুরুর আগে মাইকে বাজল দেশাত্মবোধক গান—‘বাংলাদেশের স্বাধীনতা লক্ষ প্রাণের দাম’। গানের সঙ্গে নাচল টিকাটুলী শহীদ নবী উচ্চবিদ্যালয়ের একদল মেয়ে। উড়ল বেলুন আর কবুতর। উৎসবের আমেজে উদ্বোধন করা হলো প্রথম বিভাগ হকি লিগ।প্রায় সাড়ে তিন বছর পর মাঠে গড়ানো লিগে জয় দিয়ে শুরু করেছে মুক্ত বিহঙ্গ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে রবিনের একমাত্র গোলে মুক্ত বিহঙ্গ হারিয়েছে ১০ বছর পর মাঠে নামা বাংলাদেশ রেলওয়েকে। পুরান ঢাকার খেলোয়াড়দের নিয়ে গড়া মুক্ত বিহঙ্গ মাত্র ১৫ দিনের অনুশীলন শেষে মাঠে নেমেছে। তার পরও জয়ে লিগ শুরু করতে পেরে খুশিই কোচ রাজীব আহমেদ, ‘বেশি দিন অনুশীলনের সুযোগ পাইনি। তাড়াহুড়ো করে দল গড়েছি। অনেক দিন মাঠে খেলা ছিল না বলে ভালো মানের খেলোয়াড়ই খুঁজে পাচ্ছিলাম না। তার পরও ছেলেরা যা খেলেছে তাতে খুশি।’ রেলওয়ে সর্বশেষ মাঠে নেমেছিল ২০০২ সালে প্রিমিয়ার লিগে। মাঝে খেলা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিল সংস্থাটি। কর্মকর্তাদের খামখেয়ালিপনা এর অন্যতম কারণ বলে জানালেন কোচ আজিজুল আলম, ‘কর্মকর্তারাই চান না যে রেলওয়ে দল গড়ুক। এ ক্ষেত্রে আমাদের কী করার থাকে?’ দলের বেশির ভাগ খেলোয়াড় চট্টগ্রামের। সবাই প্রথমবারের মতো খেলল কৃত্রিম টার্ফে। কম ব্যবধানে হারটাই এদের কাছে অনেক বেশি। লিগে এই প্রথম খেলানো হচ্ছে বিদেশি খেলোয়াড়। এরই মধ্যে ওয়ান্ডারার্স ভারত থেকে নিয়ে এসেছে ফরোয়ার্ড নীতেশ শর্মাকে। আজ আসার কথা মিডফিল্ডার বিনোদ ওয়াদির।