১০ মাসেই সংসার ভাঙল ইমরানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান–রেহামের ছবিটি এখন শুধুই স্মৃতি l ফাইল ছবি
ইমরান–রেহামের ছবিটি এখন শুধুই স্মৃতি l ফাইল ছবি

বিয়ে করেছিলেন এ বছরের জানুয়ারিতে। কিন্তু মাত্র ১০ মাস পরই ঘর ভাঙছে পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ও দেশটির রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের। পারস্পরিক সম্মতিতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে টুইটারে জানিয়েছেন ইমরানের স্ত্রী রেহাম।
এ বছর জানুয়ারিতে বিবিসির সাবেক উপস্থাপক ও মডেল রেহামকে বিয়ে করেন ইমরান খান। এটি অবশ্য সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারের দ্বিতীয় বিয়ে। এর আগে ১৯৯৫ সাল ইংল্যান্ডের জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করেছিলেন ইমরান। কিন্তু ৯ বছর পর ২০০৪ সালে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। ইমরান-জেমিমা দম্পতির ঘরে আছে দুই ছেলে—সুলেইমান ও কাসিম।
রেহামের সঙ্গে বিয়ের পর ছয় মাস যেতে না-যেতেই গুঞ্জন উঠেছিল, ইমরান খানের এ বিয়েও ঠিকছে না। তখন অবশ্য সেটিকে ‘অপপ্রচার’ বলে উড়িয়ে দিয়েছিলেন বর্ণাঢ্য জীবনের এই ক্রিকেটার। কিন্তু শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। তিন সন্তানকে নিয়ে ইমরানের সঙ্গে ঘরবাঁধা রেহাম কাল টুইটারে লিখেছেন, ‘আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি আর ডিভোর্সের জন্য আবেদনও করেছি।’
পরে টুইটারে ইমরান বলেছেন, ‘আমার জন্য, রেহামের জন্য এবং আমাদের পুরো পরিবারের জন্য এটা বেদনাদায়ক সময়। আমাদের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানানোর জন্য সবাইকে অনুরোধ করছি।’ পাশাপাশি স্ত্রীর প্রশংসাও করেছেন ইমরান, ‘রেহামের নৈতিক চরিত্রের প্রতি আমি শ্রদ্ধাশীল। কাজের প্রতি সে নিবেদিতপ্রাণ এবং পিছিয়ে পড়া মানুষকে সাহায্য করার জন্য তার উদ্যমকেও আমি শ্রদ্ধা করি।’ এএফপি, বিবিসি।