১০ মিটারে বিজয়গাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪০০তে ৩৯৮ স্কোর করেছেন শারমিন আক্তার রত্না। ৩৯৭ করেছেন সৈয়দা সাদিয়া সুলতানা। ৩৯৬ স্কোর তৃপ্তি দত্তের। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ের বাছাই প্রতিযোগিতায় আগে কখনো এমন ‘ম্যাজিক’ সংখ্যায় পৌঁছাতে পারেননি বাংলাদেশের মেয়েরা। কাল পৌঁছেছেন। তাই ইতিহাস হয়ে গেল। দক্ষিণ এশীয় শ্যুটিং তো বটেই, কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতাতেই মেয়েদের দশ মিটারে একসঙ্গে ব্যক্তিগত ও দলীয় সোনা জিততে পারেনি বাংলাদেশ। ২০০৪ ইসলামাবাদ দক্ষিণ এশীয় গেমসে একবার শুধু ব্যক্তিগত সোনা জেতেন শারমিন আক্তার। দলীয় সোনা আসেনি কখনো। কাল একই সঙ্গে রত্নার ব্যক্তিগত আর দলীয় সোনা সেই অপেক্ষা দূর তো করেছেই, বাংলাদেশের শ্যুটিংয়ে জাগাল সোনালি দিনের হাতছানিও।আগের দিন ভারোত্তোলনে সোনা এসেছে অনেক কম ওজন তুলেও। শ্যুটিং রেঞ্জে হলো উল্টোটা। যদিও অনুশীলনে ৩৯৭-৩৯৮ স্কোর করে এসেছেন রত্নারা, তার ওপর ভারতীয় প্রতিযোগীদের নিয়ে ভয়। আন্তর্জাতিক মঞ্চে দাঁড়ানোর স্নায়ুচাপ অস্বীকার করারও উপায় ছিল না। কিন্তু সেসব আর পাত্তাই পেল না। ধারাবাহিকতা ধরে রেখে সেরা স্কোরটাই করে গেলেন বাংলাদেশের তিন সেরা।আশ্চর্যের ব্যাপার, ব্যক্তিগত প্রথম দুটি স্থানের জন্য লড়াই হলো দুই বাংলাদেশির মধ্যে! বাছাইয়ে এক স্কোর কম করলেও দশম শ্রেণী পড়ুয়া চট্টগ্রামের মেয়ে সাদিয়াই প্রথম হয়ে যাচ্ছিলেন। ফাইনালে (শ্যুট অফ) শেষ শটের আগ পর্যন্ত তিনি এগিয়ে। কিন্তু শেষ শটটায় খারাপ করে ফেলেন—৯.২। ওদিকে অসম্ভব মানসিক দৃঢ়তাসম্পন্ন রত্না নিজেকে ধীরস্থির রেখে ১০.৬ করে এক পয়েন্টের ব্যবধানে প্রথম।চূড়ান্ত স্কোর দাঁড়াল রত্না ৪৯৯.৪ (শ্যুট অফে ১০১.৪), সাদিয়া ৪৯৮.৩ (১০১.৩)। দুই সতীর্থর ঠিক নিচেই থাকার কথা তৃপ্তি দত্তের নামটা। কিন্তু সেখানে বসে গেছে ভারতীয় মামপি দাসের নাম। বাছাইয়ে তৃপ্তির চেয়ে দুই স্কোর কম করেও তিনিই জিতেছেন ব্রোঞ্জ। শ্যুট অফে তৃপ্তি যেখানে করেছেন ১০০.৮, মামপির স্কোর ১০২.৯। বাংলাদেশের তিন সেরার পাশে ভারতীয়দের স্কোর ছিল—৩৯৪, ৩৯১, ৩৯০। ভারতের দলীয় সোনা জেতার প্রশ্নই আসেনি। বাংলাদেশের চেয়ে বাছাইয়ে ১৬ স্কোর কম করে রুপা নিয়েই খুশি থাকতে হলো ভারতকে। ব্রোঞ্জ পেল পাকিস্তান। গেমস শুরুর আগে বলাবলি হচ্ছিল, ভারত শক্তিশালী দল পাঠালে বাংলাদেশের মেয়েরা পারবে কি না সংশয় আছে। ভারত সেরা দল তো বটেই, দ্বিতীয় সেরাদেরও পাঠায়নি। পাঠালেও অবশ্য বাংলাদেশের মেয়েরা এমন অভাবনীয় কিছুই করে ফেলতে পারতেন বলে অনেকের বিশ্বাস। দক্ষিণ এশীয় অঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা করার মতো শ্যুটারদেরই ভারত এখানে পাঠিয়েছে, তবে এরা সবর্েশষ বিশ্বকাপে খেলেছেন এবং এখানে তৃতীয় হওয়া মামপি বিশ্বকাপে ৩৯৭ স্কোর করে এসেছেন। বাংলাদেশের মেয়েদের কাছে পরাজিত হয়েই এখন ফিরতে হচ্ছে দেশে।আর এতে আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে বাংলাদেশের শ্যুটিং মহলে। তবে বাস্তবতা হলো, এশিয়ার সর্বোচ্চ পর্যায় বা অলিম্পিকে ভালো করতে হলে ৪০০তে নিয়মিত ৪০০ই করতে হবে। এখন থেকে উন্নত অনুশীলন এবং সার্বিক সহযোগিতা পেলে সেই লক্ষ্য পূরণ অসম্ভব কিছু বলে মনে করলেন না অনেকেই। রত্না তো বলেই দিলেন, ‘আমার পরবর্তী লক্ষ্য অলিম্পিকে পদক জয়।’ অনেক বড় স্বপ্ন, তার আগে এ মাসেই দিল্লিতে কমনওয়েলথ গেমসে যাওয়ার সুযোগ মিলছে। ‘সামনের সব প্রতিযোগিতায় যেতে হবে আমাদের। নইলে এগোতে পারব না’, ফেডারেশন ও সরকারের কাছে নিজের দাবিটা এই সুযোগে জানিয়ে রাখলেন ‘সোনার মেয়ে।’অনুশীলনে শ্যুটারদের স্কোর বাড়ানোর জন্য নির্ধারিত লক্ষ্যের পর পরের প্রতিটি স্কোরের জন্য অর্থ পুরস্কার দেওয়া হয়েছে এবং এতে শ্যুটাররা আগ্রহী হয়েছেন অনেক বেশি, যা সবচেয়ে বেশি কাজে লাগান রত্না। তবে সাদিয়া দ্বিতীয় হলেও আগামীর সম্ভাবনা তাঁকে নিয়েও। তৃপ্তিকেও আলাদা করা যাচ্ছে না।তাঁরা তিনজন, প্রায় সমানে সমানই। তার পরও রত্নাই এগিয়ে। সেটিই বললেন শ্যুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ, ‘অনুশীলন, একাগ্রতা আর কিছু করে দেখানোর তীব্র আকাঙ্ক্ষাই রত্নাকে এতদূর এনেছে।’এমন দিনে শারমিন আক্তার কোথায়? চার বছরের মধ্যে দৃশ্যপটের আড়ালে তিনি। রত্না-সাদিয়া-তৃপ্তিরা এখন উজ্জ্বল আলোয়! মেয়েরা তাঁদের কাজ করেছেন। ১০ মিটারে আজ ছেলেদের বিভাগে আসিফ হোসেনরা কী করেন, সেটিই দেখার।