১০ মিনিটেই তাক লাগিয়ে দিলেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে টিম ক্রালই হয়ে গেছেন হল্যান্ডের জয়ের নায়ক। ছবি: রয়টার্স
টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে টিম ক্রালই হয়ে গেছেন হল্যান্ডের জয়ের নায়ক। ছবি: রয়টার্স

‘এলাম, দেখলাম, জয় করলাম’! হল্যান্ডের বদলি গোলরক্ষক টিম ক্রালের হয়তো এমন অনুভূতিই হয়েছিল কোস্টারিকার বিপক্ষে টাইব্রেকারে জয়ের পর। বিশ্বকাপের মঞ্চে নিজের প্রথম ম্যাচটা ক্রাল চিরস্মরণীয় করে রেখেছেন মাত্র পাঁচ-সাত মিনিট মাঠে থেকেই। এমন সংক্ষিপ্ত ও মধুর অভিষেক বিশ্বকাপ আগে আর কখনোই দেখেনি।


২৬ বছর বয়সী ক্রাল বিশ্বকাপে অংশ নিয়েছিলেন দলের দ্বিতীয় গোলরক্ষক হিসেবে। একটি ম্যাচেও থাকতে পারেননি প্রথম একাদশে। কিন্তু আজ কোস্টারিকার বিপক্ষে অতিরিক্ত সময়ের একেবারে শেষপর্যায়ে ক্রালকেই বদলি হিসেবে মাঠে নামিয়ে দেন লুইস ফন গাল। আকস্মিক এই পরিবর্তন দেখে নিশ্চয়ই চোখ কপালে তুলেছিলেন অনেকে। কোয়ার্টার ফাইনালের মতো ম্যাচের টাইব্রেকারের জন্য ফন গাল কেন বেছে নিলেন একজন অনভিজ্ঞ গোলরক্ষককে? যাঁর কিনা বিশ্বকাপে একটি ম্যাচও খেলার অভিজ্ঞতা নেই? ক্রাল কি সামলাতে পারবেন টাইব্রেকারের চাপ? এমন অনেক প্রশ্নই হয়তো ঘোরাফেরা করছিল দর্শকদের মনে।

সব প্রশ্নের উত্তর ক্রাল খুব ভালোমতোই দিয়ে দিলেন পরবর্তী ১০ মিনিটের মধ্যে। দুটি শট ঠেকিয়ে হল্যান্ডকে এনে দিলেন সেমিফাইনালের টিকিট। ফন গালও প্রমাণ করলেন এবারের বিশ্বকাপের সেরা টেকটিশিয়ান তকমাটির যথার্থতা।

অথচ ২৬ বছর বয়সী ক্রাল যে পেনাল্টি ঠেকানোয় বিশেষ পারদর্শিতা অর্জন করেছেন, এমনও কিন্তু না। ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসেল ইউনাইটেডের হয়ে ২০টির মধ্যে মাত্র দুটি শট রুখে দিতে পেরেছিলেন এই ডাচ গোলরক্ষক। ব্যাপারটা যে সত্যিই অস্বাভাবিক, সেটা ম্যাচ শেষে ক্রাল নিজেও স্বীকার করে নিয়েছেন, ‘এটা স্বাভাবিক না। আপনি পুরো ম্যাচটা ডাগআউটে বসে থাকলেন আর তারপর মাঠে গিয়ে পেনাল্টি ঠেকালেন। বুঝতে পারছি না কী বলব। এটা স্বপ্নের মতো। অবিশ্বাস্য।’

কোচ ফন গালের কথায় অবশ্য এই আকস্মিক পরিবর্তনের ধোঁয়াশা কিছুটা কেটেছে। এই ম্যাচের আগে ক্রালের সঙ্গে পেনাল্টি শুটআউট নিয়ে খানিক কথাবার্তা বলেছিলেন ডাচ কোচ। ক্রালকে দেখিয়েছিলেন গ্রিসের সঙ্গে কোস্টারিকার টাইব্রেকারের শটগুলো। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমরা এটা নিয়ে টিমের সঙ্গে আলাপ করেছিলাম। তাকে দেখিয়েছিলাম কোস্টারিকার খেলোয়াড়েরা কীভাবে পেনাল্টি শটগুলো নেয়। কাজেই সে প্রস্তুত ছিল। ভাগ্যগুণে এটা কাজ করে গেছে। যদি না করত, তাহলে আমার সিদ্ধান্ত ভুল প্রমাণিত হতো। ফুটবলে সবকিছু এভাবেই চলে।’

বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলো আবার হয়তো ডাগআউটেই বসে থাকতে হবে ক্রালকে। কিন্তু এই একটি ম্যাচ দিয়েই তিনি জায়গা করে নিয়েছেন ইতিহাসে। তাঁর দুর্দান্ত নৈপুণ্যেই প্রথমবারের মতো বিশ্বকাপের টাইব্রেকারে জয়ের স্বাদ পেয়েছে হল্যান্ড। এর আগে ১৯৯৮ সালে সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল ডাচরা। রয়টার্স ও এএফপি