১০ মিনিটের সংবাদ সম্মেলন এবং...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন পর কাল জাতীয় ক্রীড়া পরিষদে সংবাদমাধ্যমের মুখোমখি হলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। তবে ‘বিষয়বস্তুর’ বাইরে কথা বলতে তাঁর আপত্তি। মন্ত্রীর ভাষায়, ‘সংসদীয় গণতন্ত্রে বিষয়বস্তুর বাইরে প্রশ্ন করা সমীচীন নয়।’জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিভা খোঁজার কর্মসূচি সম্পর্কে জানানোই ছিল কালকের সংবাদ সম্মেলনের উদ্দেশ্য। এই কর্মসূচির প্রথম পর্ব শেষ। দেড় কোটি টাকার কর্মসূচিটা হয়েছে ৪৬টি জেলায়। ২০টি খেলায় বাছাই করা ৬৩০ জন খেলোয়াড় নিয়ে দ্বিতীয় পর্বের প্রশিক্ষণ চলবে।ক্রীড়া পরিষদের উদ্যোগে প্রতিভা অন্বেষণ এর আগেও হয়েছে। কিন্তু ধারাবাহিকতা ছিল না। মাঝখানে কয়েক বছর বন্ধ থাকার পর আবার তা চালু হয়েছে বটে, তবে এ থেকে ভালো কিছু আশা করার লোক ক্রীড়াঙ্গনে খুবই কম। তবে মন্ত্রী লিখিত বক্তব্যে আশাবাদ ছড়িয়ে বাছাইকৃত খেলোয়াড়দের বছরে চার মাস প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানালেন।সংবাদ সম্মেলনে ক্রীড়াঙ্গনের বর্তমান হালচাল নিয়ে প্রাসঙ্গিকভাবে প্রশ্ন উঠল। এই সরকারের সময় ক্রীড়াঙ্গনে বহুল কাঙ্ক্ষিত নির্বাচন হিমাগারে। দাবা ফেডারেশনে সরকারের চাপিয়ে দেওয়া কমিটির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। দাবাড়ুরা ফেডারেশন অফিসে তালা লাগিয়ে দিয়েছেন। এর পরও কি প্রশাসন নীরব থাকবে?নির্বাচন নিয়ে কয়েক মাস আগে কিছুই বলবেন না বলে মুখে তালা মেরেছিলেন মন্ত্রী। তবে কাল শেষ পর্যন্ত বললেন, ‘আমরা তো নির্বাচনের তফসিল ঘোষণা করে দিয়েছি। সব ফেডারেশন-অ্যাসোসিয়েশনেই নির্বাচন হবে।’ মন্ত্রী দাবি করলেও নির্বাচনের তফসিল কোথায়, কখন ঘোষণা করা হয়েছে, কারোরই তা জানা নেই। ব্যাডমিন্টনে নির্বাচনের জন্য রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে, এর বাইরে নির্বাচন-সংক্রান্ত কোনো উদ্যোগ দৃশ্যমান নয়।দাবা নিয়ে বারবার প্রশ্ন করলে মন্ত্রীর জবাব, ‘শুধু দাবা নয়, সবকিছু নিয়েই ভাবছি আমরা। দেখি, সেই ভাবনার উত্তরণ কীভাবে ঘটানো যায়। অ্যাডহক দিয়ে চালাচ্ছি, আরেকটা অ্যাডহক করা তো সম্ভব নয়।’প্রশ্নকর্তা সাংবাদিককে লক্ষ করে মন্ত্রী রসিকতাও করলেন, ‘নির্বাচনের জন্য রেডি হন। মনোনয়নপত্র কিনে নির্বাচনে দাঁড়ানোর চিন্তাভাবনা করেন।’ ওই সাংবাদিক তাঁর এমন অভিপ্রায় নেই বলার পর মন্ত্রী বলেন, ‘আপনার লেখনীর মধ্য দিয়ে অনেককে এই শুভ সংবাদ (নির্বাচন) দিতে পারেন।’সেই নির্বাচন কবে হবে, তা বড় প্রশ্ন। মন্ত্রী নির্বাচন নিয়ে আরেকটি সংবাদ সম্মেলন হবে বলে জানানোর পরই শুরু হয়ে গেল মধ্যাহ্নভোজের তোড়জোড়। ১০ মিনিটের মধ্যেই সংবাদ সম্মেলন শেষ। অজানাই থাকল তাই অনেক প্রশ্নের উত্তর।