১০ ম্যাচ পর পার্সির গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুটা দুর্দান্ত করেছিলেন। প্রথম ২১ ম্যাচেই গোল করেছিলেন ১৯টি। এরপর হঠাৎই যেন হারিয়ে গেলেন। পরের ১০ ম্যাচে গোল থাকল সোনার হরিণ। পেনাল্টি থেকে হলেও অবশেষে গোলের দেখা পেলেন রবিন ফন পার্সি। তাঁর এই গোল আর ক্যারিকের গোল মিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড স্টোককে হারাল ২-০ গোলে। প্রিমিয়ার লিগে ম্যাচ বাকি ছয়টি, সিটিকে ১৫ পয়েন্ট পেছনে ফেলা ইউনাইটেড এখন গুছিয়ে ফেলতে পারে শিরোপার উৎসব।আগের ম্যাচটি ছিল সিটির সঙ্গে ডার্বি। ওটা হারায় স্টোকের বিপক্ষে কোনো শৈথিল্য দেখানোর সুযোগ ছিল না ইউনাইটেডের। ম্যাচের চতুর্থ মিনিটেই গোল করে মাইকেল ক্যারিক এগিয়ে নেন দলকে। এরপর ৬৬ মিনিটে ফন পার্সিকে বক্সের ভেতর ফেলে দিলে পেনাল্টি পায় ইউনাইটেড। গোল করার সহজতম সুযোগ হেলায় হারাননি ডাচ স্ট্রাইকার। স্যার অ্যালেক্স ফার্গুসন কৌশলগত কিছু পরিবর্তন এনেছিলেন এ ম্যাচে। রুনিকে নামিয়েছিলেন মাঝমাঠে। ফন পার্সি-হার্নান্দেজকে জুটি বেঁধে নামান আক্রমণে। ফাটকাটা কাজে লেগে যায় দারুণভাবে। দ্রুতই মাঝমাঠে নিজেকে মানিয়ে নেন রুনি। তাঁর বাড়ানো বলটি থেকেই কিন্তু পেনাল্টি পায় ইউনাইটেড। ফার্গি তাই রুনির প্রশংসায় মুখর, ‘ওয়েইন দুর্দান্ত ছিল। আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে ওর ভূমিকাটা একটু বদল করা দরকার ছিল বলেই আমি মনে করি।’ফন পার্সি যে ১০ ম্যাচ পর গোল পেলেন। দৃশ্যত ইউনাইটেডের বড় একটা সমস্যাই হয়ে দাঁড়িয়েছিল এটি। কিন্তু ফার্গি এটা নিয়ে উদ্বিগ্ন ছিলেন না, ‘আমাদের তিনজন স্ট্রাইকার গোল করেছে মোট ৫৪টি। যখন গোল আসে না, তখন সব স্ট্রাইকারই, এমনকি আমারও মনে হতে পারে, আর বুঝি গোল আসবে না। কিন্তু একবার গোল পেলে আপনার কখনোই মনে হবে না যে আপনি মিস করবেন।’ এএফপি।