১০ রানে ১০ উইকেট, আজও অনন্য ভ্যারিটি

ইতিহাসের বরপুত্রদের কাহিনিগুলো এমনই হয়। কেমন যেন ‘এলেন’, ‘দেখলেন’ আর ‘জয় করলেন’ ধরনের। তাঁরা উপলক্ষ তৈরি করেন। উপলক্ষ তৈরি করে স্থান করে নেন ইতিহাসের পাতায়। নতুন ধরনের কোনো সাফল্যে উদ্ভাসিত করেন ইতিহাসের পাতা। আজ থেকে ৮০ বছর আগে ইংল্যান্ডের হেডিংলি মাঠ উদ্ভাসিত হয়েছিল এমনই এক ঘটনায়, যা ক্রিকেট ইতিহাসকে করেছিল সমৃদ্ধ। ৮০ বছর আগের ওই সকালটি জন্ম দিয়েছিল এক অনন্য কীর্তির। যে কীর্তি ক্রিকেট ইতিহাসকে নিয়ে গিয়েছিল অন্য উচ্চতায়। যে উচ্চতায় ওঠার ব্যাপারে আজও ক্রিকেট খেলিয়েরা স্বপ্ন দেখে যান নিরন্তর।
অবতরণিকাটি বেশি বিশেষণ-সমৃদ্ধ হয়ে যাচ্ছে। আসল ঘটনায় দ্রুত ঢুকে পড়া যাক। আজ থেকে ৮০ বছর আগে, ১৯৩২ সালের এই জুলাই মাসেই প্রথম শ্রেণীর ক্রিকেটে এক অবিস্মরণীয় স্পেলের জন্ম দিয়েছিলেন ইয়র্কশায়ারের বাম হাতি অর্থোডক্স স্পিনার হেডলি ভ্যারিটি। মাত্র ৫২ বলের এক স্পেলে ভ্যারিটি তুলে নিয়েছিলেন ১০টি উইকেট, মাত্র ১০ রানের খরচায়। এই স্পেলে ছিল একটি হ্যাটট্রিকও। ভ্যারিটির বোলিং বিশ্লেষণটি ছিল অনেকটা এমন—১৯.৪ ওভার, ১৬টি মেডেন, ১০ রান, ১০ উইকেট। তাঁর এই ১৯.৪ ওভারে রানশূন্য ছিল ১১৩টি ডেলিভারি। অর্থাত্, মাত্র ৫টি বলে তিনি ১০ রান খরচ করেছিলেন। বর্তমান সময়ে কোনো বোলারের পক্ষে খুব সম্ভবত এই নিয়ন্ত্রণ স্বপ্নে দেখাও সম্ভব নয়।
ভ্যারিটির এই বোলিং বিশ্লেষণ-রেকর্ড ৮০ বছর পরও প্রথম শ্রেণীর ক্রিকেটে অম্লান। ভ্যারিটি তাঁর এই দুর্ধর্ষ বোলিংয়ে ভেঙেছিলেন জর্জ গেরি নামের এক বোলারের রেকর্ড। ১৯২৯ সালে গেরি ১০ তুলে নিয়েছিলেন, ১৩ রানের খরচায়।
হেডিংলির সেই ম্যাচ
এই জুলাই মাসের ৯ তারিখে হেডিংলিতে শুরু হয়েছিল খেলাটি, নটিংহ্যামশায়ার বনাম ইয়র্কশায়ার। টসে জিতে নটিংহ্যামশায়ার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। ইয়র্কশায়ার বোলারদের দাপটে নটিংহ্যামশায়ারের ইনিংস স্থায়ী হয়েছিল ২৩৪ রান পর্যন্ত; তা-ও সেটা সম্ভব হয়েছিল দুই বোলার-ব্যাটসম্যান হ্যারল্ড লারউড ও বেন লিলির ব্যাটের কল্যাণে।
হ্যারল্ড লারউড নামটায় অনেকে থমকে যেতে পারেন। হ্যাঁ, লারউড বডিলাইন সিরিজের অন্যতম ‘ভিলেন’ হিসেবেই ক্রিকেট ইতিহাসে চিহ্নিত হয়ে আছেন। ১৯৩২-৩৩ মৌসুমে অ্যাশেজ সিরিজে এই লারউডই ইংলিশ অধিনায়ক ডগলাস জার্ডিনের নির্দেশ অনুযায়ী ক্রিকেট ইতিহাসের কুখ্যাত বডিলাইন বোলিং করে ধিক্কৃত হয়েছিলেন। অথচ একজন আক্রমণাত্মক বোলার হিসেবে লারউড ছিলেন অনন্য।
হেডিংলির সেই ম্যাচে নটিংহ্যামশায়ারের ২৩৪ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ইয়র্কশায়ার মুখোমুখি হয় লারউডের বোলিং তোপে। লারউড ৭৩ রানে ৫ উইকেট নিয়ে ইয়র্কশায়ারকে রীতিমতো ধসিয়ে দেন। ম্যাচের দ্বিতীয় দিন শেষে ইয়র্কশায়ারের সংগ্রহ ছিল ৯ উইকেটে ১৭৩।
তৃতীয় দিন সকালে এক অদ্ভুত সিদ্ধান্ত নিলেন ইয়র্কশায়ারের অধিনায়ক ব্রায়ান সেলারস। তিনি ওই ১৭৩/৯-তেই ঘোষণা করে দিলেন তাঁর দলের ইনিংস। সেলারসের সেই অদ্ভুতুড়ে সিদ্ধান্তের জন্য নটিংহ্যামশায়ার প্রথম ইনিংসে ৭১ রানের ভালো লিড নিয়ে চলে যায় সুবিধাজনক অবস্থানে।
নটিংহ্যামশায়ার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার সময় নিস্তরঙ্গ এক ড্র-ই ছিল সেই ম্যাচের ভবিতব্য। কিন্তু হেডলি ভ্যারিটির একটি স্পেলই এলোমেলো করে দেয় সবকিছু। খেলাটি নিস্তরঙ্গতাকে একপাশে সরিয়ে পরিণত হয় অনন্য অর্জনের এক বর্ণিল মঞ্চে। প্রথম উইকেটে নটিংহ্যামশায়ারের দুই উদ্বোধনী ব্যাটসম্যান তোলেন ৪৪ রান। ভ্যারিটি অবশ্য মধ্যাহ্ন বিরতির আগেই ৯ ওভার মেডেন দিয়ে দুই উদ্বোধনী ব্যাটসম্যান উইলিয়াম কেটন ও ফ্রাঙ্ক শিপস্টনকে এক প্রকার বেঁধেই রেখেছিলেন উইকেটে।
মধ্যাহ্ন বিরতির পরপরই খেলাটা পুরোপুরি ঘুরে যায় ইয়র্কশায়ারের দিকে। ঘুর যায় বললে ভুল হবে, ম্যাচটি রীতিমতো নিজের দিকে ঘুরিয়ে নেন ওই ভ্যারিটিই। একে একে ফেরত পাঠাতে থাকেন নটিংহ্যামশায়ারের ব্যাটসম্যানদের। হ্যাটট্রিকও তুলে নেন তিনি এ সময়। তাঁর অনন্য এক স্পেলে নটিংহ্যামশায়ার অলআউট হয়ে যায় মাত্র ৬৭ রানে। ক্রিকেট ইতিহাসে ঠাঁই করে নেয় ভ্যারিটির সেই অসাধারণ স্পেল।