করসহ একেকটি প্র্যাকটিস বলের দাম পড়েছে প্রায় সাড়ে ১৩ হাজার টাকা। প্রতিটি ম্যাচ-বল প্রায় ১৫ হাজার। অস্ট্রেলিয়া থেকে ৩৬টি করে দুই রকমের বল আনা হয়েছে মোট ৭২টি। সব মিলিয়ে প্রায় ১০ লাখ ২৫ হাজার টাকার গোলাপি কোকাবুরা বল এখন বিসিবির স্টোরে।২২ ফেব্রুয়ারি থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ক্রিকেট লিগ, বিসিএলের পাঁচ দিনের ফাইনাল। দিবারাত্রির এ ম্যাচের জন্যই গত নভেম্বরে আনানো হয়েছিল এসব বল। অস্ট্রেলিয়ায় নিজের ক্রেডিট কার্ড ব্যবহার করে এতে বিসিবিকে সাহায্য করেন জাতীয় দলের তখনকার বোলিং কোচ (বর্তমানে প্রধান কোচ) শেন জার্গেনসেন।কোকাবুরা বল আছে মোট ৪৭ রকমের। মানভেদে দামটা ৭ অস্ট্রেলিয়ান ডলার থেকে ১৫০ ডলার পর্যন্ত পড়ে। আছে লাল, সাদা, গোলাপি ছাড়াও হলুদ রঙের প্র্যাকটিস বল। কাল বিসিবির এক কর্মকর্তা জানালেন, গোলাপি বলের মধ্যে বাজারের সেরা বলটাই নাকি আনা হয়েছে বিসিএল ফাইনালের জন্য।যত ভালোই হোক, রংটা গোলাপি বলেই কিনা এটা লাল-সাদা বলের চেয়ে একটু বেশি কোমল। রং বেশিক্ষণ টেকে না, দ্রুতই কালচে ভাব চলে আসে। বিসিএলে বিভিন্ন দলের অনুশীলনে এই বল ব্যবহার করতে গিয়েও এ ঘটনা ঘটেছে। আগে যে তিনটি দেশে গোলাপি বলে খেলা হয়েছে, একই অভিজ্ঞতা তাদেরও। ২০০১ সালে ইংলিশ কাউন্টিতে কেন্ট আর গ্ল্যামারগনের একটি ম্যাচ হয়েছে গোলাপি বলে। পাকিস্তানের কায়েদ-এ-আজম ট্রফিতেও গত দুই মৌসুম এই বলে খেলা হয়েছে। এ ছাড়া গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে নর্থ ওয়েস্ট বনাম নাইটসের ম্যাচে ১১২ ওভারের মধ্যে পাঁচবার বদলাতে হয়েছিল গোলাপি বল।বলের মান নিয়েই যেখানে প্রশ্ন, বিসিএলের ফাইনাল তবে কেন গোলাপি বলে খেলা? একটা মাত্র ম্যাচের জন্য এতগুলো বলই বা আনা কেন! বিসিবির অস্থায়ী কমিটির সদস্য ও টুর্নামেন্ট কমিটির সাবেক প্রধান গাজী আশরাফ হোসেনের ব্যাখ্যা, ‘শুরুতে কথা ছিল প্রথম ও ফাইনাল ম্যাচ অবশ্যই গোলাপি বলে হবে। সঙ্গে আরও কিছু ম্যাচও হতে পারে। তা ছাড়া, এ ধরনের বলের মান নিয়ে প্রশ্ন থাকায় ব্যাকআপ হিসেবে কিছু বাড়তি বল আনা হয়েছিল।’ ফ্র্যাঞ্চাইজিদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার্থেই বিসিএলের ফাইনাল গোলাপি বলে, জানালেন আশরাফ। এ ছাড়া, সদস্য সব দেশকে গোলাপি বলে পরীক্ষামূলকভাবে দীর্ঘ পরিসরের ঘরোয়া ম্যাচ খেলতে আইসিসির অনুরোধও একটা কারণ, ‘অনেক দেশই এখনো এটা করেনি। আমরা যদি কোনো একটা জায়গায় অন্যদের চেয়ে এগিয়ে থাকতে পারি, ক্ষতি কী?’ক্ষতি তো একটু আছেই। শ্রীলঙ্কায় টেস্ট খেলতে যাওয়ার আগে বিসিএলের ফাইনালটা এসেছে ম্যাচ প্র্যাকটিসের সুযোগ হয়ে। কিন্তু ফ্লাডলাইটের আলোয় গোলাপি বলে খেলে লাল বলের টেস্টের প্রস্তুতি আসলে কতটা সম্ভব? গাজী আশরাফ এটাকে বড় করে দেখছেন না, ‘টেস্ট দলে থাকতে পারে, ফাইনালের দুই দলে এমন ক্রিকেটার বেশি নেই। আর কেউ যদি এখানে ব্যর্থও হয়, আমার মনে হয় লাল বলে তাকে বাড়তি প্র্যাকটিস করানোর পর্যাপ্ত সুযোগ পাবেন জার্গেনসেন।’