৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও সেটা যে হচ্ছে না তা আগেই বোঝা গিয়েছিল। ক্লাবগুলোর দাবির মুখে আরও একবার পিছিয়ে অবশেষে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু হবে আগামী ১০ সেপ্টেম্বর থেকে। কাল সিসিডিএমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে লিগ শুরুর নতুন তারিখ। ‘সমন্বয় ও অনুশীলনের জন্য ক্লাবগুলো লিগ পেছানোর অনুরোধ করেছিল। তাই আমরা ১০ তারিখ থেকে লিগ শুরু করাকে ঠিক মনে করেছি। ফিকশ্চার তৈরির কাজ এখন শেষ পর্যায়ে’—বললেন সিসিডিএম প্রধান জালাল ইউনুস। লিগ শুরুর তারিখ ঠিক হলেও ভেন্যু এখনো চূড়ান্ত নয়। তবে ভেন্যুগুলো ঢাকা ও ঢাকার আশপাশে রাখারই চেষ্টা করছে সিসিডিএম। প্রাথমিকভাবে ফতুল্লা স্টেডিয়াম ও ফতুল্লা আউটার স্টেডিয়াম, বিকেএসপি-১ এবং বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে ভাবা হচ্ছে। সিসিডিএম প্রধানের দেওয়া তথ্য অনুযায়ী ১৮ সেপ্টেম্বরের পর থেকে পাওয়া যেতে পারে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামও। লিগের প্রতিটি ম্যাচেই থাকবে রিজার্ভ ডে। বৃষ্টিতে যদি কোনো ম্যাচ বন্ধ হয়ে যায়, রিজার্ভ ডেতে হবে খেলার বাকি অংশ।লিগ খেলার জন্য বিসিবির কাছে মোটা অঙ্কের অনুদান দাবি করে আসছিল ক্লাবগুলো। প্রত্যাশা অনুযায়ী টাকা না পেলেও বিসিবি তাদের দাবি কিছুটা হলেও পূরণের সিদ্ধান্ত নিয়েছে। সে ক্ষেত্রে টাকার অঙ্কটা ১৫ লাখের বেশি না হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছে সূত্র। লিগ শুরুর আগে ৮-১০ লাখ এবং বাকি টাকা লিগের শেষ দিকে দেওয়ার চিন্তাভাবনা করছে বোর্ড।