১০০ মিটার রিলের ফাইনালে জ্যামাইকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উসাইন বোল্টের ‘ট্রিপল ট্রিপল’ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলেন সতীর্থরা। গতকাল উসাইন বোল্টকে ছাড়াই ১০০ মিটার রিলের হিট পেরিয়েছে জ্যামাইকা। ফাইনালে উঠলেও কাল ১০০ মিটার রিলের দ্বিতীয় হিটে জাপানের পেছনে থেকে দ্বিতীয় হয়েছে জ্যামাইকা। হিটে অংশ না নিলেও বাংলাদেশ সময় আগামীকাল সকালে ফাইনালে দৌড়াবেন বিশ্বের দ্রুততম মানব। বেইজিং ও লন্ডনের পর এবারও জিতলে অলিম্পিক ইতিহাসের মাত্র দ্বিতীয় দৌড়বিদ হিসেবে তিনটি ১০০ মিটার রিলে জিতবেন বোল্ট। এর আগে এই ইভেন্টে তিনবার জিতেছেন শুধু যুক্তরাষ্ট্রের ফ্র্যাঙ্ক ওয়াইকফ (১৯২৮, ১৯৩২, ১৯৩৬)। ১০০ মিটার স্প্রিন্টজয়ী বোল্টের আজ সকালেই দৌড়ানোর কথা ২০০ মিটার স্প্রিন্টের ফাইনালে।
নাটক হয়েছে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্ট রিলের হিটে। ব্যাটন হস্তান্তরে ভজকট পাকিয়ে সবার শেষে দৌড় শেষ করেছিল যুক্তরাষ্ট্র। দ্বিতীয়বার ব্যাটন হস্তান্তরের সময় অ্যালিসন ফেলিক্সের হাত থেকে পড়ে যায় তা। কিন্তু পরে মার্কিনরা দাবি করে ব্রাজিলের তৃতীয় লেগের দৌড়বিদ কাউয়িজা ভেনাসিওর সঙ্গে ধাক্কা লেগেই পড়ে গেছে ব্যাটন। নিজেদের সুযোগ দিতে আপিল করে যুক্তরাষ্ট্র। অ্যাথলেটিকসের নিয়ন্ত্রণ সংস্থা আইএএএফ পরে আবার দৌড়ানোর সুযোগ দিয়েছে দলটিকে। গত রাতেই আবার দৌড়ানোর কথা যুক্তরাষ্ট্রের। দলটি অবশ্য একাই দৌড়াবে। হিটে অষ্টম হওয়া চীনের (৪২.৭০ সেকেন্ড) চেয়ে কম সময় নিতে পারলেই ফাইনালে উঠবে ফেলিক্সের দল। এএফপি।