১০০ মিটারেও পিস্টোরিয়াসের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেইজিংয়ে জিতেছিলেন ত্রিমুকুট। লন্ডনে দুটো মুকুটই হাতছাড়া হলো। ২০০ মিটারের পর ১০০ মিটারেও হেরে গেলেন অস্কার পিস্টোরিয়াস। অবশ্য এবারের প্যারালিম্পিক থেকে একেবারেই খালি হাতে ফিরছেন না ‘ব্লেড রানার’। ৪–১০০ মিটারের দলগত সোনাটি থাকছে। কিন্তু ব্যক্তিগত সোনা জিততে না পারার আক্ষেপে তা কি সান্ত্বনা হতে পারে?পিস্টোরিয়াসের অবশ্য আরেকটি ব্যক্তিগত ইভেন্ট বাকি ছিল। ৪০০ মিটার দৌড়, যেটা তাঁর শক্তির আসল জায়গা। গতকাল রাতেই বাছাইপর্ব হয়ে গেছে। তাতে পিস্টোরিয়াসের উতরাতে না পারাটাই হবে বিস্ময়ের। ৪০০ মিটারে তাঁর ব্যক্তিগত সেরা ৪৫.৩৯ সেকেন্ড। ৫০ সেকেন্ডের নিচে দৌড়ানো একমাত্র পঙ্গু দৌড়বিদ তিনি। অবশ্য ফর্মটা তাঁর ভালো নেই। ১০০ মিটারে পদকই জিততে পারেননি। হয়েছেন চতুর্থ! ২০০ মিটারে হেরে যাওয়ার পর হতাশা থেকে প্রথম হওয়া অ্যালেন অলিভিয়েরার কৃত্রিম পায়ের আকার নিয়ে প্রশ্নও তুলেছিলেন। পরে অবশ্য এই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশও করেন। পরশু ১০০ মিটারে হেরে যাওয়ার পর পিককের পিঠই চাপড়ে দিলেন প্যারালিম্পেকের সবচেয়ে বড় তারকাটি, ‘আজ রাতে আমরা একজন অসাধারণ প্যারালিম্পিক সিপ্রন্টারের দৌড় দেখলাম। এটা সত্যিই গ্রেট পারফরম্যান্স ছিল। ১০০ মিটার আসলে আমার ক্ষেত্রও নয়। আর এখান থেকেই বোঝা যায়, খেলাটা এর মধ্যে কতটা এগিয়েছে।’পিককের জয়টা অবশ্য অপ্রত্যাশিত নয়। ১০০ মিটারের টি৪৪ ক্যাটাগরির বিশ্ব রেকর্ডের (১০.৮৫) মালিক তিনিই। পরশু সময় নিয়েছেন ১০.৯০ সেকেন্ড। পিককের সাফল্যেই বেশি খুশি মনে হলো পিস্টোরিয়াসকে, ‘আমি সত্যিই খুব খুশি। জনি দর্শকদের কাছ থেকেও অনেক সম্মান পেয়েছে।’ ঘরের ছেলে বাড়তি ভালোবাসা তো পাবেনই। অবশ্য পিকক মনে করেন না, এই জয়ের ফলে তাঁকে নিয়ে মাতামাতি শুরু হয়ে যাবে। এএফপি, রয়টার্স।