১০০ মিলিয়ন ইউরো!
ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে চোখ প্যারিস সেন্ট-জার্মেইর। এটা পুরোনো খবর। নতুন খবর, রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকার জন্য একটা দামও ঠিক করেছে ফরাসি ক্লাবটি। রোনালদোকে পেতে পুরো ১০০ মিলিয়ন ইউরো (প্রায় ১০৭০ কোটি টাকা) খরচ করতে রাজি পিএসজি। শুধু রোনালদোই নন, একই সঙ্গে রিয়ালের কোচ হোসে মরিনহোকেও পেতে চাইছেন পিএসজির কাতারি মালিক তামিম বিন হামাদ আল থানি। ইতালিয়ান ক্রীড়া দৈনিক গাজেত্তা দেল্লো স্পোর্ত গতকাল জানিয়েছে এ খবর।দৈনিকটি দাবি করেছে, পিএসজি ও রিয়াল মাদ্রিদের মধ্যে এটা নিয়ে আলোচনাও শুরু হয়েছে। মরিনহোর এজেন্ট হোর্হে মেন্ডেস নাকি মধ্যস্থতা করছেন এ আলোচনায়। রোনালদোর দাবি অনুযায়ী বার্ষিক ১৮ মিলিয়ন ইউরো বেতন দিতেও প্রস্তুত ক্লাবটি। এখন রিয়ালে বছরে ১৪ মিলিয়ন ইউরো বেতন পান গোলের পর গোল করে যাওয়া এই ফরোয়ার্ড। পিএসজিতেই আছেন সুইডেনের জ্লাতান ইব্রাহিমোভিচ, যাঁর বার্ষিক বেতন সাড়ে ১৪ মিলিয়ন ইউরো। গাজেত্তা দেল্লো স্পোর্ত-এর খবর অনুযায়ী, রোনালদো প্যারিসে আসতে রাজি হলে মরিনহোও তাঁকে অনুসরণ করবেন। আর রোনালদোর অভাব পূরণে ৭০ মিলিয়ন ইউরো খরচ করে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে রাদামেল ফ্যালকাওকে নিয়ে আসবে রিয়াল। ব্যাপারটা বিশ্বাসযোগ্যতা পাচ্ছে রোনালদো, মরিনহো ও ফ্যালকাও—তিনজনেরই এজেন্ট ওই হোর্হে মেন্ডেস বলে। এএফপি।