১০১ বছরে বয়সে জলে তোলপাড়

শিরোনাম পড়ে একটু বিভ্রান্ত হতে পারেন। ১০১ বছর বয়সে বেঁচে থাকাটাই তো কম কথা নয়। সেখানে জলে সাঁতরে রেকর্ড ভেঙে ফেলা—এ তো অক্সিজেন ছাড়া এভারেস্ট জয়ের মতোই অসম্ভব কিছু! জাপানের মিয়েকো নাগাওকা সেই অবিশ্বাস্য কাজটাই করে ফেলেছেন। সামনে ১০২তম জন্মদিন, অথচ নাগাওকা বলছেন এখনই থেমে যাওয়ার কোনো ইচ্ছাই তাঁর নেই।
যখন জন্মেছেন, প্রথম বিশ্বযুদ্ধের দামামা বাজছে জাপানে। যৌবনে দেখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকা। এর মধ্যে কত সময় কেটে গেছে, মানুষ চাঁদে গেছে, কম্পিউটার-ইন্টারনেট এসেছে। নব্বই দশকের শেষের দিকে নাগাওকার মনে হয়েছে, সাঁতারটা এবার একটু ‘সিরিয়াসলি’ নিলে কেমন হয়? বয়স তখন প্রায় আশি, এই বয়সে ঠিকঠাক হাঁটাহাঁটি করতে পারলেই মানুষ সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানায়। নাগাওকার কথা ছেলেমেয়েরা মায়ের এই উচ্চাকাঙ্ক্ষাকে পাত্তা দিতে চাননি।
কিন্তু নাগাওকাও দমে যাওয়ার পাত্রী ছিলেন না। দক্ষিণ–পূর্ব জাপানের ইয়ামাগুচিতে সাঁতার কোচ শিনতারো সাওয়াদার কাছে প্রশিক্ষণ নিতে গেলেন। শুরুতে তো শাওয়াদা হবু শিষ্যার কথা বিশ্বাসই করতে পারেননি, ‘প্রথমে ভেবেছিলাম এক শ বছর পর্যন্ত সাঁতরানোর কথাটা বোধ হয় রসিকতা করে বলেছেন। তিনি মোটেই তা করেননি।’
এরপর যেটা হয়েছে, সেটা দুর্দান্ত একটা চলচ্চিত্রের চিত্রনাট্য। শতবর্ষী সাঁতারুদের মধ্যে নাগাওকা এখন বিশ্বচ্যাম্পিয়ন, নয়টি রেকর্ডই তাঁর। এর মধ্যে ১৫০০ মিটার ফ্রি-স্টাইলের রেকর্ড আছে। এই বয়সে ১৫০০ মিটার হাঁটতে পারাটাই যখন অনেকের জন্য অবিশ্বাস্য, নাগাওকা সেই দূরত্ব সাঁতরান অনায়াসে। এই তো, কয়েক দিন আগেই জাপান মাস্টার্স অ্যাসোসিয়েশন সুইমিং প্রতিযোগিতায় ৪০০ মিটার ফ্রি-স্টাইল সাঁতরেছেন ১৬.৮১ সেকেন্ডে।
সাঁতার থেকে এখনই অবসর নেওয়ার কোনো ইচ্ছাই নাগাওকার নেই, ‘আমি এখনো দারুণ ফিট। যত দ্রুত সম্ভব সাঁতরাতে চাই। যত দিন বেঁচে আছি এটা বন্ধ করতে চাই না। ১০৫ বছর পর্যন্ত তো বটেই, পারলে তার চেয়েও বেশি।’
এই তো, ৪০০ মিটার ফ্রি-স্টাইল সাঁতারেও অনেকটা সামনে এগিয়ে থেকে শেষ করেছেন। দ্বিতীয় যিনি হয়েছেন, তিনিও নাগাওকার চেয়ে ২২ বছর ছোট। অথচ সাঁতার শেষ করেও কোনো ক্লান্তি নেই শতবর্ষী সাঁতারুর, ‘এটা শুধু আরেকটা প্রতিযোগিতা, এর বেশি কিছু নয়। সাঁতার আমি ভালোবাসি, এটা করলে আমার মন ভালো থাকে।’
কিন্তু এই অসম্ভবকে সম্ভব করার রহস্যটা কী? নাগাওকার সরল উত্তর, ‘রহস্য হচ্ছে ভালোভাবে খাওয়া এবং নিজেকে সব সময় কর্মক্ষম রাখা।’ ছেলে হিরোওকির বয়স ৭৬। তিনিও মায়ের কীর্তি দেখে অভিভূত, ‘জীবন সম্পর্কে তাঁর চিন্তাভাবনা আসলেই অবিশ্বাস্য। তিনি খুব বেছে বেছে খাবার খান। নিজে যেটা বিশ্বাস করেন, সেটাই করেন। বয়সের সঙ্গে সঙ্গে তাঁর শ্লথ হয়ে যাওয়ার কথা। কিন্তু নব্বইয়ে এসে আরও দ্রুত হয়ে উঠেছেন, রেকর্ডের পর রেকর্ড ভেঙেছেন। আমার মা-ই বিশ্বের সেরা।’ কোচ সাওয়াদা বলেছেন, ‘আমি তাঁর মতো কাউকে দেখিনি। যখন দরকার তখন তিনি খান, যখন চান ঘুমান। তাঁর প্রতিজ্ঞা ও সহ্যশক্তি দুর্দান্ত।’
নাগাওকা সামনে আরও কী বিস্ময় উপহার দেবেন কে জানে!