১০৪ বছর পর এত ছোট রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক দলটা ছিল ৩৮৭ জনের। সেখান থেকে নিষিদ্ধ হতে হতে শেষ পর্যন্ত রিও অলিম্পিকের জন্য ছাড়পত্র পেয়েছেন রাশিয়ার ২৭১ জন ক্রীড়াবিদ। এরপরও রাশিয়া এবারের অলিম্পিকে ১১তম বৃহত্তম দল। তবে গত এক শতকে অলিম্পিকে রাশিয়ার এত ছোট দল আর যায়নি। আর রাশিয়ার শতাধিক অ্যাথলেটকে নিষিদ্ধ করায় ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিকস ফেডারেশনের (আইএএএফ) ওপর খুবই খেপেছেন কিংবদন্তি রুশ সাঁতারু আলেকজান্ডার পোপভ। আইএএএফ সভাপতি সেবাস্তিয়ান কোকে মনে করিয়ে দিয়েছেন, আকাশের দিকে থুতু ছেটালে একসময় সেটা আবার নিজের দিকেই ফিরে আসবে।
কিছুদিন আগে আন্তর্জাতিক ডোপবিরোধী সংস্থার (ওয়াডা) প্রতিবেদনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রুশ অ্যাথলেটরা ডোপ নেন বলে দাবি করা হয়। একই অভিযোগে রিও অলিম্পিকে নিষিদ্ধ করা হয় রাশিয়ার ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের অ্যাথলেটদের। ওয়াডার প্রতিবেদনে পুরো রাশিয়া দলকেই রিও থেকে নিষিদ্ধ করার সুপারিশ করা হয়। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) সেটি না করে সিদ্ধান্ত ছেড়ে দেয় প্রতিটি আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশনের ওপর। এরপর বিভিন্ন ফেডারেশন নিষিদ্ধ করে আরও প্রায় অর্ধশত রুশ অ্যাথলেটকে। শেষ পর্যন্ত রিওর জন্য ছাড়পত্র পেয়েছেন ২৭১ জন অ্যাথলেট। সর্বশেষ রাশিয়া এর চেয়ে ছোট দল নিয়ে অলিম্পিকে গিয়েছিল ১০৪ বছর আগে, ১৯১২ সালের স্টকহোম অলিম্পিকে। সেবার রাশিয়া দলে ক্রীড়াবিদ ছিল মাত্র ১৫৯ জন।
এবার এত কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে বলেই এই অলিম্পিকে রাশিয়া দলটাকে সবচেয়ে স্বচ্ছ বলে দাবি করেছেন দেশটির অলিম্পিক কমিটির সভাপতি আলেকজান্ডার জুকভ। রিওতে কাল আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘এবার রাশিয়া দলকে সবচেয়ে কঠিন পরীক্ষা দিয়ে আসতে হয়েছে। একাধিকবার, একাধিক পর্যায়ে অ্যাথলেটদের পরীক্ষা করা হয়েছে। এমনকি অলিম্পিকপল্লিতেও রুশ অ্যাথলেটদের অতিরিক্ত পরীক্ষা করা হচ্ছে। এখন পর্যন্ত রিওতে তাই রাশিয়াই সবচেয়ে স্বচ্ছ দল।’
ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের সব রুশ অ্যাথলেটকেই নিষিদ্ধ করায় এমন অনেকে অংশ নিতে পারছেন না যাঁদের কোনো ডোপিং কেলেঙ্কারির রেকর্ড নেই। এ ব্যাপারটা নিয়ে বেশ ক্ষোভ প্রকাশ করেছেন জুকভ, ‘এটা খুবই অন্যায়, আমাদের ইসিনবায়েভা আর শুবেনকভের মতো অ্যাথলেট, যাদের কোনো ডোপিং কেলেঙ্কারি নেই, তারা রিওতে থাকতে পারছে না। অন্যদিকে আমেরিকান স্প্রিন্টার জাস্টিন গ্যাটলিনকে ঠিকই অনুমতি দেওয়া হলো।’
জুকভের চেয়েও বেশি ক্ষোভ অলিম্পিকে চারটি সোনাজয়ী সাবেক রুশ সাঁতারু আলেকজান্ডার পোপভের। রুশ ক্রীড়াবিদদের নিষিদ্ধ করার ক্ষেত্রে তিনি বড় ভূমিকা দেখছেন আইএএএফ সভাপতি সেবাস্তিয়ান কোর। আর এ কারণেই কোকে পাল্টা হুমকি দিয়ে পোপভ বলেছেন, ‘আশা করছি এ সিদ্ধান্তের জন্য তাঁকে (সেবাস্তিয়ান কো) পস্তাতে হবে না। কারণ আকাশে থুতু ছেটালে সেটা নিজের দিকেই ফিরে আসে। আশা করছি তাঁর রাতের ঘুম ভালো হচ্ছে।’
পুরো প্রক্রিয়ায় রাশিয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি বলেও দাবি পোপভের, ‘রাশিয়া তো নিজের কথা বলার সুযোগই পেল না। আমি অবশ্য পুরো দেশের হয়ে বলার কেউ নই। আমি শুধু আমার নিজের অনুভূতি জানাতে পারি। আমার মনে হচ্ছে, এটা ঠিক হয়নি।’ এএফপি, রয়টার্স।